আন্তর্জাতিক ডেস্ক: ফজরে লিবিয়ার সঙ্গে তেলক্ষেত্রগুলোয় জোর-সংঘর্ষ আরম্ভ হওয়ার পর লিবিয়ার ১১টি তেলক্ষেত্রে সার্বিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। এ তেলক্ষেত্রগুলো তব্রুক থেকে শাসন পরিচালনাকারী মোহাম্মাদ আল তানি-প্রশাসনের আওতায় ছিল।
এছাড়া তেলক্ষেত্রে কর্মরত কর্তৃপক্ষ ঘোষণা করেছে- সবগুলো তেলক্ষেত্রই তারা একে একে বন্ধ করে দেবে, যদি দেশটির রাজনৈতিক পরিস্থিতির কোনো উন্নয়ন না ঘটে। লিবিয়ার প্রধান উপকূলীয় অঞ্চলের নিকটবর্তী দাহরা তেলক্ষেত্রে ফজরে লিবিয়ার আক্রমণের পর এ সিদ্ধান্ত নেয় তেলকূপগুলোয় উত্তোলন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলো।
তেলক্ষেত্রে কার্যরত প্রতিষ্ঠানসমূহ ফোর্স মাজেউরে আইনের মাধ্যমে এ স্থগিতকরণের পথে অগ্রসর হতে পারবে। এটি একটি বৈধ আইনগত পদক্ষেপ, যার মাধ্যমে কাজের দায়দায়িত্ব পালনে ব্যর্থতার গ্রহনযোগ্য ব্যাখ্যা দিতে পারে কোনো দায়িত্ব নেয়া প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানগুলোর এমন পদক্ষেপের বিপরীতে কোন গঠনমূলক পদক্ষেপ নিতে দেখা যায়নি ত্রিপোলি বা তব্রুককে। ফজরে লিবিয়া এবং লিবীয় স্বীকৃত প্রশাসন দুই পক্ষই সংঘাতের পথে তেলক্ষেত্র দখলের চেষ্টা করে যাচ্ছে।
আল-তানির তেলমন্ত্রী মাশাল্লাহ আল জেবি বলেছেন, সরকার বিমানহামলাসহ স্থলভাগে সবরকম অস্ত্রসহকারে আইসিসের দোসর ফজরে লিবিয়ার সঙ্গে সংঘাত অব্যাহত রেখেছে। ফজরে লিবিয়া ইতোমধ্যে বাহি ও মাবরুক তেলক্ষেত্র দখল করে নিয়েছে।

