নিজস্ব প্রতিবেদক : মাববতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামাকে দেয়া রায়ের বিরুদ্ধে আগামীকাল বৃহস্পতিবার রিভিউ আবেদন করা হবে। বিষয়টি জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।
আজ বুধবার কামারুজ্জামানের সঙ্গে দেখা করে তিনি এ কথা জানান। সকালে অ্যাডভোকেট তাজুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের আইনজীবীদের একটি দল কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন।
তারা হলেন- অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী, ব্যারিস্টার নাজিব মোমেন ও অ্যাডভোকেট মতিউর রহমান আখন্দ।
সম্প্রতি কামারুজ্জামানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও দেখা করেছেন। তবে, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার বিষয়টি ছিল মাসিক নিয়মিত সাক্ষাতের একটি অংশ। আজ কামারুজ্জামানের সাঙ্গে আইনজীবীরা দেখা করেছেন রিভিউ প্রসঙ্গে আইনি বিষয় নিয়ে।
সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে আইনজীবী অ্যাডভাকেট তাজুল ইসলাম বলেন, ‘কামারুজ্জামান তার আপিলের সম্পূর্ণ রায় পড়েছেন। কামারুজ্জামান আমাদের সঙ্গে সাক্ষাতের সময় বলেছেন- আপিল বিভাগের যে পাঁচ বিচারপতি রায় ঘোষণা করেছেন, সে রায়ে বিচারপতিদের মতভেদ ছিল।’
তিনি বলেন, ‘কামারুজ্জামান বলেছেন- একজন বিচারপতি আমার (কামারুজ্জামানের) রায়ে (ট্রাইব্যুনালের দেয়া রায়) ঘটনার সব সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে রায় দিয়েছেন। তিনি আমাকে (কামারুজ্জামান) ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডসহ অন্য সাজা থেকে খালাসের আদেশ দিয়েছেন। কিন্তু অন্য বিচারপতিরা ট্রাইব্যুনালের রায়ের সাক্ষ্যপ্রমাণের ব্যাখ্যা বিশ্লেষণ, পর্যালোচনা করেন নাই। এমনকি তারা ট্রাইব্যুনালের রায়ের কপি কম পড়েই আমার বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন। ট্রাইব্যুনালের রায়ে সাক্ষ্যপ্রমাণের ব্যাখ্যা বিশ্লেষন, পর্যালোচনা না করেই আমাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। তাই আমি আমার রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করবো। রিভিউ করলে আমি খালাস পাবো।’
আসামিপক্ষের আরেক আইনজীবী ব্যারিস্টার নাজিব মোমন বলেন, ‘আমরা আজ প্রায় আধঘণ্টা সময়ব্যাপী কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতে কথা বলেছি। কামারুজ্জামান তার রায়ের বিরুদ্ধে আমাদেরকে রিভিউ করতে বলেছেন।’
এর আগে আগে গত ১৮ ফেব্রুয়ারি কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায়ের কপি প্রকাশ করেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এর পরেরদিন বৃহস্পতিবার ট্রাইব্যুনাল কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি করেন। পরে ২১ ফেব্রুয়ারি অ্যাডভোকেট তাজুলের নেতৃত্বে পাঁচ আইনজীবী কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন।

