নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ২৬ বছর ধরে হরতালের অচল থাকা চট্টগ্রাম আদালত বুধবার সচল হয়েছে। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী বুধবার দুপুর ২টা থেকে আদালতের সকল কার্যক্রমে অংশ নিয়েছেন আইনজীবীরা। এর ফলে ফের কর্মব্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রাম আদালত।
সংশ্লিষ্টরা বলছেন, হরতালে আদালতের কার্যক্রমে আইনজীবীদের অংশ নেয়ার এ সিদ্ধান্তের ফলে মামলাজট কমে আসবে ও দুর্ভোগের কবল থেকে মানুষ রেহাই পাবে।
এরআগে মঙ্গলবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সর্বদলীয় আইনজীবীদের এক জরুরী বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, হরতালে থাকলে দুপুর ২টার পর থেকে আদালত চলবে। এরমধ্যে দিয়ে গত কয়েক দিন ধরে সরকারপন্থি ও বিরোধীদলীয় আইনজীবীদের মধ্যে নিয়ে চলা দ্বন্দ্বের অবসান ঘটলো।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক বলেন, ‘হরতালে গত দুই মাস ধরে অচল থাকা চট্টগ্রামের আদালত বুধবার দুপুর ২টায় সচল হয়েছে। সব আইনজীবী আদালতের কাজে অংশ নিয়েছেন।’
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকিন ইবনে মিনান জানান, ‘অপ্রীতিকর কোন ঘটনা ছাড়াই বুধবার দুপুর ২টা থেকে আদালতের সকল কার্যক্রমে অংশ নিয়েছেন আইনজীবীরা। ফের কর্মব্যস্ত হয়ে পড়েছে আদালত অঙ্গন।’
প্রসঙ্গত প্রায় ২৬ বছর আগে ১৯৮৯ সালে নেয়া চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির একটি সিদ্ধান্তে যে কোন রাজনৈতিক দল হরতালের ঘোষণা দিলেই আইনজীবীরা আদালতের কার্যক্রমে অংশ নেননা। কিন্তু গত ৬ জানুয়ারি থেকে ২০ দলীয় জোটের টানা হরতালের কারণে প্রায় দুই মাস ধরে অচল হয়ে ছিল চট্টগ্রাম আদালত।
এ অবস্থায় বিচারপ্রার্থী ও সাধারণ আইনজীবীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। গত কয়েকদিন ধরে বিভিন্ন সভা-সমাবেশের মাধ্যমে সমিতির সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন সাধারণ আইনজীবী ও সরকারপন্থি আইনজীবীরা। তবে গত তিন দিন বিচারক এজলাসে উঠলেও বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের বিরোধীতার মুখে বার বার তাদের এজলাস ছাড়তে হয়েছিল।

