নিজস্ব প্রতিবেদক : ঈশ্বরদী ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের (ডিজি) গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন একই প্রতিষ্ঠানের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আব্দুল্লাহ (৫৮)।
বুধবার বেলা ১০টার দিকে ইনস্টিটিউটের ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
নিহত ড. মোহাম্মদ আব্দুল্লাহর গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। তিনি স্বপরিবারে কর্মস্থলের সরকারি বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইক্ষু গবেষণা কেন্দ্রের একটি ব্লক পরিদর্শনের জন্য জার্মান থেকে একটি প্রতিনিধি দল আসেন। ওই প্রতিনিধি দলে যোগ দেয়ার জন্যে অফিস থেকে ব্লকের দিকে ক্যাম্পাসের মধ্য দিয়েই যাচ্ছিলেন ড. মোহাম্মদ আব্দুল্লাহ। এ সময় মহাপরিচালক ড. মো. খলিলুর রহমান গাড়ি নিয়ে একই ব্লকের দিকে যাচ্ছিলেন। এক পর্যায়ে তার গাড়িটি মোহাম্মদ আব্দুল্লাহকে ধাক্কা দেয়। এ সময় আঘাতপ্রাপ্ত হয়ে ওই গাড়ির ওপরেই পড়ে যান তিনি। পরে ড. মো. খলিলুর রহমান তাকে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিন আহমেদ জানান, গুরুতর আহত ড. মোহাম্মদ আব্দুল্লাহর গায়ের কাপড় ছেঁড়া ছিল। তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তার প্রেসার খুবই কম ছিল।
ডা. আমিন আরও জানান, ওই কর্মকর্তার মুখে নানা সমস্যার কথা শুনে তিনি কার্ডিয়াক অ্যাটাক্টে ছিলেন এমন ধারণাতেই তাকে উন্নত চিকিৎসার জন্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেয়ার পথে নাটোরের লালপুরে মারা গেছেন তিনি।
ঈশ্বরদী ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শফি আল মামুন জানান, ডিজি স্যার ব্লক পরিদর্শনে যাওয়ার সময়ে গাড়ির ভেতর থেকেই দেখতে পান তার গাড়ির ওপর কেউ পড়ে গেছেন। তিনি গাড়ি থামিয়ে দেখতে পান ড. মোহাম্মদ আব্দুল্লাহ। এ সময় তিনি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেন।
এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস ড. মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি দুই ধরনের মৃত্যুর সংবাদ শুনেছেন। তবে মৃত্যুর সনদ হাতে না পাওয়া পর্যন্ত তিনি কিছুই বলতে পারছেন না।
এদিকে, মহাপরিচালক ড. মো. খলিলুর রহমানের সঙ্গে ল্যান্ড ফোন ও মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের এই মহাপরিচালক ড. খলিলুর রহমানকে ঘিরে দীর্ঘদিন ধরেই এই বিতর্কের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে গ্রুপ পলিটিক্স চলছে।

