আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রুশপন্থি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় এলাকায় একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৩০ জন প্রাণ হারিয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন আরো ৪০ শ্রমিক।
বুধবার সকালে দোনেতস্ক অঞ্চলের জাসিয়াদকো নামক এলাকায় এক কয়লা খনিতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিদ্রোহী কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণের সময় খনিটিতে ২৩০ শ্রমিক কাজ করছিল। দুর্ঘটনার পর ১৫৭ জনকে উদ্ধার করা হয়েছে। এই বিস্ফোরণে ৩০ খনি শ্রমিক নিহত এবং আরো ১৪ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই খনিতে কর্মরত বাকি শ্রমিকদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে তারা ঘটনাস্থলেই আটকা পড়েছেন।
তাৎক্ষণিকভাবে ওই খনি বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে এক ইউনিয়ন কর্মকর্তা বলছেন, মিথানল গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়েছে।
দোনেতস্ক অঞ্চলটিতে গত কয়েক মাস ধরে বিদ্রোহী এবং ইউক্রেনের সরকারি বাহিনীর মধ্যে ব্যাপক লড়াই চলছে।

