আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার উপকূলরক্ষীরা একটি কিউবাগামী অস্ত্রবাহী চীনা জাহাজ আটক করেছে। কাপ্তানকে পুলিশের রক্ষণাবেক্ষণে রাখা হয়েছে। জাহাজটিতে চীনের পতাকা উড়ছিল। তল্লাশি চালিয়ে দেখা গেছে, জাহাজ বোঝাই অস্ত্র এবং বিস্ফোরক। এটি অস্ত্রের কোনো বৈধ চালান ছিল না বলে মন্তব্য করেছেন কলম্বীয় কর্তৃপক্ষ।
কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেল দপ্তর থেকেজানানো হয়, ক্যারিবীয় সাগরের কার্তাহেনা বন্দরের নিকটবর্তী জলভাগে চীনা জাহাজটিকে শনিবার আটক করা হয়। এতে ১০০ টন বারুদ, প্রায় ২ লাখ ৬০ হাজার ডেটোনেটর ও ৩০০০ কামানের গোলা পাওয়া গেছে। জাহাজের রেকর্ড বুকে আছে তারা অধীকৃত মালামাল নিয়ে যাচ্ছে।
কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেলের দপ্তর-পরিচালক লুই গঞ্জালেস বলেন, কাপ্তানের কাছে যে কাগজপত্র পাওয়া গেছে তাতে মালামালগুলো অধীকৃত বলা হলেও কোথা থেকে তা অধিকার করা হয়েছে তা উল্লেখ নেই। তিনি বলেন, চীনা কাপ্তান উ হং-এর বিরুদ্ধে অস্ত্র চোরাচালানের মামলা করা হবে।
কাপ্তানকে গ্রেপ্তারের চার্জশিট তৈরির ৪৮ ঘণ্টা আগে থেকে পুরো জাহাজ তন্ন তন্ন করে তল্লাশি করা হয়। জাহাজটির নাম দান দা জিয়া। জাহাজের অন্য ক্রু-দের কী হলো, তা নিয়ে কোনো তথ্য জানা যায়নি। এ জাহাজের ব্যাপারে চীনের সঙ্গে যোগাযোগ করা হলে, চীন মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

