ঢাকাTuesday , 3 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগে নাশকতা বন্ধ, পরে সংলাপ

Link Copied!

Mijanমাগুরা প্রতিনিধি : নাশকতা বন্ধ না করলে সংলাপ হতে পারেনা বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান।
তিনি বলেন, ‘আগে নাশকতা বন্ধ, পরে সংলাপ। সন্ত্রাস, জঙ্গিবাদ, পেট্রোলবোমা নিক্ষেপকারীদের কাছে রাষ্ট্র পরাজিত হতে পারে না। যে কারণে নাশকতাকাতা বন্ধ না করে সংলাপ হলে সন্ত্রাসীদের কাছে মাথা নত করা হবে।’
মঙ্গলবাব বেলা ১২টায় মাগুরা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পেট্রোলবোমা মেরে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করা মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে মিজানুর রহমান বলেন, ‘বর্তমানে দেশে যা চলছে তা রাজনীতির নামে ব্যভিচার। রাষ্ট্রের পাশাপাশি এ হুমকিকে মোকাবেলায় দেশে সুস্থ চিন্তার মানুষকে একত্রিত হতে হবে। জনগনকে এ বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
অভিজিৎ রায় হত্যাকাণ্ড প্রসঙ্গে ড. মিজান বলেন, ‘আশাকরি সরকার দ্রুত এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচার সম্পন্ন করবে। তা না হলে এ দেশে সুস্থ চিন্তা বাধাগ্রস্থ হবে।’
এ সময় তিনি বিভিন্ন হাসপাতালের ওয়ার্ড ঘুরে দেখেন এবং হরতাল অবরোধের কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় ভান্ডার থেকে মাগুরায় ওষুধ সরবরাহ অনিশ্চিত হওয়ায় দুঃখ প্রকাশ করেন।
পরে মাগুরা আছাদুজ্জামান অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘সহিংসতা ও মানববাধিকার’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে ড. মিজানুর রহমান বলেন, ‘দেশের মানুষ ও গাড়ি পুড়িয়ে এবং অর্থনীতির চাকা স্তব্ধ করার মতো রাজনীতির ব্যাভিচার বন্ধ করতে হবে। দেশে আজ রাজনৈতিক দলের বিরুদ্ধেই মানববাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছে। যা কখনই কাম্য ছিল না।’
চেয়ারম্যান আরও বলেন, ‘এদেশের ও সরকারের অনেক সাফল্য রয়েছে। বছরের প্রথম দিনেই ৩২ কোটি পাঠ্যপুস্তক বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে। বাংলাদেশ থেকে আজ চাল রপ্তানি হচ্ছে। সহস্রাব্দ লক্ষ্য অর্জনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। এজন্যে বাংলাদেশ ইতিমধ্যেই আন্তর্জাতিক পুরস্কার পেয়ে সাফল্যের স্বীকৃতি লাভ করেছে। তারপরও কেনো রাজনীতি ও আন্দোলন অবরোধের নামে দেশব্যাপী সহিংসতা করা হচ্ছে ?’
মিজানুর রহামন প্রশ্ন রেখে বলেন, ‘একটি জাতীয় নির্বাচনে প্রায় ৬’শ কোটি টাকা ব্যয় হয়। মাত্র ১ বছর আগে সে ব্যায় হয়েছে। এভাবে প্রতিবছর নির্বাচন কাজে এতো টাকা অপচয় করার মত সামর্থ বাংলাদেশের আছে কিনা তা ভাবতে হবে।’
পরীক্ষায় বাধা দিয়ে রাজনীতির নামে হরতাল অবরোধের অধিকার কারো নেই উল্লেখ করে মিজানুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের পরীক্ষায় বাধা, ক্ষুদ্র ব্যাবসায়ী ও দরিদ্র শ্রমিকদের স্বাভাবিক আয়-উপার্জন বন্ধ করে দিয়ে রাজনীতির নামে হরতাল অবরোধের অধিকার কারো নেই। সেইসঙ্গে দেশে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের সাথে আন্তর্জাতিক চক্রের যোগসূত্রের সন্ধান পাওয়া যাচ্ছে। একে প্রতিরোধ করতে হবে।’
রাষ্ট্রের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মিজানুর রহমান বলেন, ‘দেশব্যাপী নাশকতা প্রতিরোধে আমাদের সবাইকে রাষ্ট্রের সহযোগিতা করতে হবে। জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতার কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছাতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী যেখানে মানববাধিকার সুপ্রতিষ্ঠার চেষ্টা চলছে সেখানে আজ দেশের চলমান সহিংসতা বৃদ্ধিতে মানবাধিকার লঙ্ঘিত হওয়ায় সহিংসতা প্রতিরোধে আমাদের সভা-সেমিনার করতে হচ্ছে।’
এ সময় তিনি নাশকতা ও সহিংসতা প্রতিরোধ করতে গিয়ে আইনের বরখেলাপ, আটক বাণিজ্য, বেআইনি ভাবে নির্যাতন করা যাবে না বলে উল্লেখ করে এসব ব্যাপারে রাষ্ট্রকে সতর্ক থাকার আহ্বান জানান।
জাতীয় মানববাধিকার কমিশন ও পার্টনার্স ইন ডেভেলপমেন্ট (পিআইডি) নামের এনজিও যৌথ ভাবে আয়োজিত ওই সেমিনারে সভাপতিত্ব করেন পিআইডি’র সভাপতি হাজী আকিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক কালা চাঁদ সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর আবু জায়েদ মোহাম্মদ। স্বাগত বক্তব্য দেন পিআইডির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম।