আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে গো হত্যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। মহারাষ্ট্র অ্যানিমল প্রিভেনশন অ্যাক্টের (এমএপিএ) অধীনে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সোমবার এই নিষেধাজ্ঞা জারির বিষয়ে তাঁর সম্মতি জানিয়েছেন।
শুধুমাত্র সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতিক্রমে স্ত্রী মহিষ জবাই করা যাবে।
এই আইনের অমান্য করলে শাস্তি অজামিনযোগ্য ৫ বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। মহারাষ্ট্রে পশুহত্যা বিরোধী আইনে আগে এই সাজার মেয়াদ ছিল ছয় মাস। জরিমানার টাকার অংকও ১ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার করা হয়েছে।
১৯৭৬ সাল থেকে প্রণীত এই আইনের ৫ নম্বর ধারা অনুযায়ী আগে ষাঁড়, স্ত্রী মহিষ,মহিষের বাচ্চা হত্যা আইনসিদ্ধ ছিল। নয়া সংশোধনী অনুযায়ী ষাঁড় বা বাছুরকেও এই ৫ নম্বর ধারার অধীনে আনা হয়েছে. যার অর্থ রাজ্যে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হল এই জাতীয় পশু হত্যা।
১৯৯৫ সালে বিজেপি ও শিবসেনার জোট সরকার এমএপিএ-এর অধীনে ষাঁড়, বাছুর হত্যা বন্ধ করতে চেয়ে একটি সংশোধনী আনার বিষয়ে উদ্যোগী হয়। বিধানসভায় এই বিল পাশ হওয়ার পরে ১৯৯৬ সালে কেন্দ্রের কাছে সম্মতি জানানোর জন্য এই বিল পাঠানো হয়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে সোমবার মহারাষ্ট্রের রাজ্যপালের কাছে একটি চিঠি আসে। এই চিঠিতে জানানো হয়েছে ভারতীয় সংবিধানের ২০১ নম্বর ধারা অনুযায়ী এই বিষয়ে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি।

