আন্তর্জাতিক ডেস্ক : ভারত থেকে বাহরাইন যাওয়ার পথে সোমবার আবুধাবিতে জরুরি অবতরণ করেছে একটি যাত্রীবাহী বিমান। বিমানে থাকা একটি ভারতীয় শিশু হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার পর তার দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে এই জরুরি অবতরণ করা হয়েছিল বলে গালফ নিউজ জানিয়েছে। কিন্তু এরপরও শিশুটিকে বাঁচানো যায়নি।
১১ মাসের মেয়ে ঋষি প্রিয়াকে নিয়ে সোমবার সকালে কোচি থেকে বাহরাইনগামী বিমানে চড়ে বসেছিলেন মা আশ্বনি বিনয়। প্রিয়ার বাবা বিনয় মুন্দেকাল বাহরাইনে চাকরি করেন। মেয়েকে নিয়ে প্রবাসী স্বামীর কাছে যাচ্ছিলেন আশ্বনি।
আবুধাবি বিমানবন্দরের উর্ধ্বতন কর্মকর্তা আহমদ আল হাদ্দাবি ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন,‘অবতরণ করার ক্ষেত্রে বাহরাইনগামী বিমানটিকে প্রাধান্য দেয়া হয়েছিল। গেটে প্রস্তুত ছিল বিমানবন্দরের চিকিৎসা দল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিমানটি অবতরণের আগেই শিশুটি মারা যায়। তার লাশ শেখ খলিফা মেডিকেল সিটিতে পাঠিয়ে দেয়া হয়েছে।’
আল হাদ্দাদি আরো জানিয়েছেন, শিশুটির মাকে আবুধাবিতে অস্থায়ী ভিসা দেয়া হয়েছে এবং তিনি বর্তমানে আবুধাবিতে অবস্থানরত এক আত্মীয়ের বাসায় ওঠেছেনে।
প্রিয়া নামের ওই শিশুর বাবা-মা ভারতের কেরালা রাজ্যের থিরিসুর জেলার বাসিন্দা। ২০১২ সালে তাদের বিয়ে হয়েছিল। এটি ছিল তাদের প্রথম শিশু।
বিমান ওঠার একদিন আগে থেকেই অল্প জ্বরে ভুগছিল শিশুটি। তবে তার বিমান ভ্রমণে কোনো সমস্যা নেই বলে জানিয়েছিলেন স্থানীয় চিকিৎসকরা। কিন্তু সোমবার বিমানটি অর্ধেক রাস্তা পাড়ি দেয়ার পর তার জ্বর বাড়তে থাকে। তাকে সারিয়ে তুলতে আবুধাবি বিমানবন্দরে জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নেন বিমানচলক। কিন্তু বিমানটি মাটিতে নামার আগেই এর আগেই শেষ নি:শ্বাস ত্যাগ করে শিশু প্রিয়া।
এদিকে সন্তানের মৃত্যু খবর পেয়ে সোমবার বিকেলে আবুধাবি ছুটে এসেছেন তার বাবা বিনয় মুন্দেকাল। শেষকৃত্যের জন্য শিশুর মৃতদেহ কেরলায় নিয়ে যাওয়ার কথা রয়েছে।

