আন্তর্জাতিক ডেস্ক : মিশরের রাজধানী কায়রোর ব্যস্ততম সড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন পথচারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক পুলিশ সদস্য। রাজধানীর কেন্দ্রীয় আদালতের প্রাঙ্গনে পুলিশ ফাঁড়ির নিকটবর্তী একটি স্থানে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। নবগঠিত একটি বিপ্লবী দল এ হামলার দায় স্বীকার করেছে।
দলটির নাম রিভোলিউশনারী পানিশমেন্ট; যার বাংলা করলে দাঁড়ায় ‘বৈপ্লবিক শাস্তি।’ দলটির নাম ইতোপূর্বে কেউ শোনেনি বলে জানায়। দলটি সামাজিক গণমাধ্যমে তাদের পাতা থেকে জানায় পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে এ বোমা হামলা পরিচালনা করেছিল তারা। কিন্তু লক্ষ্য অর্জন করা পুরোপুরি সম্ভব হয়নি।
রাজধানী কায়রোর রামসেস এলাকায় দেশের সর্বোচ্চ আদালতের কাছাকাছি দাঁড় করিয়ে রাখা একটি গাড়ির নিচে এ বোমাটি পেতে রাখা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানায় ঐ রাস্তাটি ভীষণ জনাকীর্ণ। পথচারী এবং হকারের আনাগোনায় সার্বক্ষণিক সরগরম হয়ে থাকে। পুলিশ ফাঁড়ি কাছে থাকায় পুলিশের তৎপরতাও তুলনামূলক অধিক।
এ বিস্ফোরণের সঙ্গে সঙ্গে পুলিশ সতর্ক হয়ে যায়। তারা আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে আরও একটি তাজা বোমা উদ্ধার করে। মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারকৃত সংবাদে দেখা যায়, পুলিশ ঘটনাস্থলে ব্যারিকেড দিয়ে রেখেছে। চারপাশে শত শত মানুষ বৃত্তাকারে অবস্থান করছে। পুলিশ এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে।

