নিজস্ব প্রতিবেদক : অর্থ পাচার ঠেকাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করবে ইসলামী ব্যাংক। আর এতে প্রযুক্তিগত সহায়তা দেবে যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা অ্যান্টি মানি-লন্ডারিং কমপ্লায়েন্স সেবাদানকারী প্রতিষ্ঠান অ্যাকুইটি।
রোববার ইসলামী ব্যাংক টাওয়ারে এই দুই প্রতিষ্ঠানের মধ্যে ‘রিয়েল টাইম অ্যান্টি মানি লন্ডারিং স্ক্রিনিং সলিউশন’ চুক্তি স্বাক্ষরিত হয়।
ইসলামী ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি চিফ অ্যান্টি মানি-লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার আবদুস সাদেক ভূঁইয়া এবং অ্যাকুইটির পক্ষে স্বাক্ষর করে প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক সিয়ান নারিশ। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার বলেন, ‘প্রতিষ্ঠাকাল থেকেই ইসলামী ব্যাংক রেগুলেটরি কর্তৃপক্ষের সব আইন ও নিয়মনীতি মেনে আসছে। মানি লন্ডারিং বিষয়ে ইসলামী ব্যাংক সবসময় জিরো টলারেন্স দেখিয়েছে এবং ভবিষ্যতেও এ বিষয়ে উদ্যোগ জোরদার করবে। ব্যাংকিং খাতের ধারাবাহিক উন্নয়নে প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মানি লন্ডারিং প্রতিরোধে এ প্রযুক্তি আরো কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছি।’
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ‘ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান যা তার কোর ব্যাংকিং সিস্টেমে রিয়েল টাইম স্ক্রিনিং সলিউশন যুক্ত করেছে। এ চুক্তির ফলে ব্যাংকের গ্রাহক হিসাব স্ক্রিনিং, সুইফট্ পেমেন্ট এবং এনআরবি রেমিট্যান্স স্ক্রিনিং কার্যক্রম দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পাদন করা যাবে। ফলে অ্যান্টি মানি লন্ডারিং নিয়মকানুন মেনে চলা আরো সহজ হবে এবং ঝুঁকি কমবে।’
অ্যাকুইটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক সিয়ান নারিশ বলেন, ‘গ্রাহকদের অ্যাকাউন্ট স্ক্রিনিংয়ে গতিশীলতা ও দক্ষতা বাড়াতে অ্যাকুইটির কমপ্লায়েন্স সলিউশন কার্যকর ভূমিকা পালন করবে। সুইফট পেমেন্ট, জাতিসংঘ নির্দেশিত অভিবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স স্ক্রিনিং এবং ইউরোপীয়ান ইউনিয়ন পরিচালিত ম্যানুয়াল স্ক্রিনিং পদ্ধতির চেয়ে আরো বেশি গতিশীল ও কার্যকর হবে। অ্যাকুইটির সাবলিল ও পরিমিত ফিল্টারিং পদ্ধতি অ্যান্টি মানি লন্ডারিং নিয়ম পরিপালন নিশ্চিত করে এ খাতে ঝুঁকি কমাতে এবং পরিচালনগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।’
অ্যাকুইটি কমপ্লায়েন্স লিংক একটি সহজবোধ্য প্লাটফর্ম যা অ্যান্টি মানি লন্ডারিং স্ক্রিনিং প্রয়োজনের ওয়ান-স্টপ সমাধান দেয়। উন্নত প্রযুক্তির সংযোগের মাধ্যমে মানসম্মত এবং ব্যবহারবান্ধব এ প্রক্রিয়া নিয়মতান্ত্রিকভাবে সমজাতীয় সমস্যাগুলো খুঁজে বের করে এগুলোর সমাধান দিয়ে থাকে এবং অগ্রাধিকারের ভিত্তিতে অসামঞ্জস্যগুলো দূর করে বলে চুক্তি স্মাক্ষর অনুষ্ঠানে জানানো হয়।

