রাজধানীর আদাবরে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেফতার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্যাহর আদালত এই আদেশ দেন। এ দিন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার ইন্সপেক্টর আব্দুল মালেক আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ফরহাদ হোসেনের পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট রাজধানীর আদাবরে গার্মেন্টস কর্মী রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলাম আদাবর থানায় ওই হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান ও নায়ক ফেরদৌস, ব্যারিস্টার সায়েদুল হক সুমন প্রমুখ। এর আগে গত শনিবার দিবাগত রাতে রাজধানীর নিউ ইস্কাটন এলাকার একটি বাড়ি থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে র্যাব। ৫ আগস্ট সরকার পতনের পর তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় আরও ৩টি হত্যা মামলা করা হয়।

