আন্তর্জাতিক ডেস্ক : চীনা পর্যটকদের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে ৩৬ জনকে আটক করেছে হংকং পুলিশ। গত এক মাসের মধ্যে হংকংয়ে এটি তৃতীয় বিক্ষোভ বলে জানিয়েছে বিবিসি।
রোববার শত শত বিক্ষোভকারী হংকংয়ের চীন সীমান্তবর্তী ই্উয়েন লং এলাকার উদ্দেশে রওয়ানা হন। তারা চীনের মেইনল্যান্ড থেকে শপিংয়ের উদ্দেশে আগত পর্যটকদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ বিক্ষোভে অংশ নেন। সাধারণত, চীনা পর্যটকরা ইউয়েন লং শহরতলির দোকানগুলো থেকেই কেনাকাটা করে থাকেন। বিক্ষোভকারীরা হংকং সরকারের প্রতি যে আইনের মাধ্যমে চীনারা অবাধে হংকং প্রবেশ করে থাকে, সেটি পরিবর্তনেরও দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, তথাকথিত সমান্তরাল বাণিজ্যের নাম করে স্বল্প মূল্যে মানসম্পন্ন পণ্য ক্রয় করার জন্য প্রতিদিন ব্যাপক সংখ্যক পর্যটক চীন সীমান্ত অতিক্রম করে হংকং গমন করে থাকেন। তবে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী উল্টো অভিযোগ করে বলেছেন, এসব বিক্ষোভের কা্রণে তাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে।
এদিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং পেপার স্প্রে ব্যবহার করে হংকং পুলিশ। এছাড়া মিছিল থেকে ১৩ থেকে ৭৪ বছর বয়সী ৩৬ জনকে আটক করা হয়েছে বলেও জানা গেছে।

