আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) দখল করা গুরুত্বপূর্ণ শহর তিকরিত দখলে হামলা শুরু করেছে ইরাকি সেনা ও শিয়া স্বেচ্ছাসেবী বাহিনী। রাজধানী বাগদাদ থেকে দক্ষিণে সুন্নী অধ্যুষিত সালাউদ্দিন প্রদেশের রাজধানীতে সোমবার থেকে অভিযান শুরু হয়।
ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জম্মভূমি হচ্ছে তিকরিত। গত বছরের জুনে আইএস যোদ্ধারা শহরটি দখল করে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শহরটিতে সেনাবাহিনীর সঙ্গে ইরাকি যুদ্ধবিমানগুলোও হামলায় যোগ দিয়েছে।
রবিবার প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি অভিযানের আগে সালাহউদ্দিন প্রদেশে সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপরই তিনি তিকরিত অভিযানের ঘোষণা দেন। যেসব সুন্নী উপজাতি গোষ্ঠীগুলো আইএসকে পরাজিত করতে পারবে তাদের সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন তিনি। এটাকে তিনি সুন্নীদের জন্য সর্বশেষ সুযোগ বলেও জানিয়েছেন।
আল ইরাকিয়া টেলিভিশন জানিয়েছে, তিকরিতের বাইরের কিছু এলাকা থেকে আইএস যোদ্ধারা পিছু হটেছে। তবে নিরপেক্ষ সূত্র থেকে এটি নিশ্চিত করা যায়নি।
স্থানীয় সেনা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেনারা সামররা শহরের উত্তরে আল দৌর এলাকার দিকে এগিয়েছে। এটি আইএসের অন্যতম বেস হিসেবে পরিচিত। সামাররা থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরেই তিকরিতের অবস্থান। স্থলবাহিনীর সহযোগী হিসেবে ইরাকি বিমানবাহিনীও হামলায় শরিক হয়েছে।

