কাজে ফিরতে শুরু করেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার আশুলিয়ার নরসিংহপুর, নিশ্চিন্তপুর জামগড়া ডিইপিজেড, পলাশবাড়ীতে যে-সব কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছিলেন, তাদের সকালে কাজে যোগ দিতে দেখা যায়। তবে সকাল ৯টার দিকে দুটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া এখন পর্যন্ত কোনোরকম বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সরজমিন দেখা যায়, শ্রমিকরা কর্মস্থলে যোগ দেয়ায় কারখানাগুলোতে শুরু হয়েছে উৎপাদন কাজ। অধিক নিরাপত্তার জন্য কারখানাগুলোর সামনে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ। এছাড়া বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর টহল টিম পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, শনিবার আশুলিয়ার অধিকাংশ কারখানায় নির্ধারিত সময়ে কাজ শুরু হয়েছে। শারমিন ও অনন্ত নামে দু’টি গার্মেন্টস বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

