সিরাজগঞ্জ প্রতিনিধি : কারখানার মূল ফটকের সামনে চাকরি ফিরে পাওয়ার দাবিতে শ্রমিক-কর্মচারীদের অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির ফলে টানা পাঁচ দিন মিল্কভিটার দুধ সরবরাহ বন্ধ থাকার পর ফের চালু হয়েছে।
রোববার বিকেল সোয়া ৪টার দিকে দুধ সরবরাহ শুরু হয়।
এর আগে বিকেলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান ফোন করে আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের চাকরি ফিরিয়ে দেয়ার কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান।
পরে আন্দোলনরত শ্রমিকেরা এ আশ্বাসকে স্বাগত জানিয়ে কর্মসূচি প্রত্যাহার করে মিল্কভিটা গেটের তালা খুলে দেয়। পরে ঢাকায় দুধ সরবরাহ আবারও শুরু হয়।
দীর্ঘ ৫ দিন ধরে সিরাজগঞ্জের বাঘাবাড়ী মিল্কভিটা কারখানার মূল ফটকে চাকরি ফিরিয়ে দেয়ার দাবিতে ৭০ শ্রমিক-কর্মচারী অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।
আন্দোনকারী শ্রমিকেরা জানিয়েছেন, বিগত ৪ দলীয় জোট সরকার আমলে নিয়োগ করা ৪শ শ্রমিক-কর্মচারীকে অতিরিক্ত দেখিয়ে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ছাঁটাই করে দেয়। এদের মধ্যে অধিকাংশ পর্যায়ক্রমে চাকরি ফিরে পেলেও উত্তরবঙ্গের ৭০ শ্রমিক-কর্মচারী চাকরি ফিরে পায়নি। এতে পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবন যাপন করছে।
তাদের অভিযোগ, নানাভাবে আশ্বস্ত করা হলেও দীর্ঘদিনেও তারা চাকরি ফিরে পায়নি। তাই চাকরি পাবার একদফা দাবিতে গত ২৫ ফেব্রুয়ারি বুধবার বিকেল থেকে মিল্কভিটার মূল ফটকে চাকরি বঞ্চিত শ্রমিক-কর্মচারীরা অবস্থান নিয়ে রবিবার বিকেল পর্যন্ত টানা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখে।
কারখানা সূত্র জানায়, শ্রমিকদের আন্দোলনের ফলে মিল্কভিটা কারখানায় খামারীদের কাছ থেকে প্রতিদিন সরবরাহের ২ লাখ লিটার দুধ ঢাকায় পাঠানো বন্ধ হয়ে যায়। পরে এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার চাকরিতে পুনরায় বহালের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করে আন্দোলনকারীরা। পরে আবারও সরবরাহ শুরু হয়।
আন্দোনকারী শ্রমিক নেতা শফিকুল ইসলাম স্বপন বলেন, ‘রোববার বিকেল ৪টার দিকে প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান ফোন দিয়ে তাদের চাকরি ফিরিয়ে দেবার সব কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান। পরে সবাই বসে তার এই আশ্বাসকে স্বাগত জানিয়ে আমরা আন্দোলন প্রত্যাহার করেছি। আশা করছি সরকার আমাদের অসহায়াত্বের কথা বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেবে।’

