নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ বলেন, ‘দেশের এ অবস্থায় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের পর পরিস্থিতি বুঝে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি/ ডিএসসিসি) নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে ব্রিফিংকালে ‘দেশের বর্তমান পরিস্থিতিতে ডিসিসি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব কিনা’ সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘গত বছরের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনে সব দলকে অংশ নিতে আহ্বান জানানো হয়েছিল। কিন্তু সবাই নির্বাচনে আসে নাই। ডিসিসি নির্বাচন কোনো দলীয় নির্বাচন নয়। তারপরও চাইবো সব দলই নির্বাচনে অংশ গ্রহণ করুক। তবে জাতীয় নির্বাচনের মতো কেউ এ নির্বাচনে না এলে অপেক্ষা করা হবে না।’
সিইসি আরো বলেন, ‘ঢাকাবাসীর দীর্ঘদিনের দাবি এ নির্বাচন। তাদের দাবির কারণে এ নির্বাচন দিতে হবে।’
উল্লেখ্য, ক্ষমতাসীন জোটের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ইতোমধ্যে ঢাকার উত্তর ও দক্ষিণ উভয় সিটিতেই তাদের পছন্দের দুজন প্রার্থীন নাম ঘোষণা করে রেখেছেন।

