আন্তর্জাতিক ডেস্ক : পুরো রাশিয়া স্তব্ধ হয়ে আছে এ মুহূর্তে। প্রধান বিরোধী দলীয় নেতা বরিস নেমৎসভের অকস্মাৎ মৃত্যু সবাইকে বিমূঢ় করেছে। শনিবার হাজার হাজার মানুষ মোমবাতি ও ফুল নিয়ে রাজধানী মস্কোয় উপস্থিত হন। যে স্থানটিতে নেমৎসভকে গুলি করা হয় সেখানে মোম প্রজ্জ্বলন এবং পুষ্পার্পণ করেন। নেমৎসভ আজ রোববার পুতিনের ‘যুদ্ধপন্থী’ রাষ্ট্রনীতিবিরোধী এক বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলেন। এখন তা শোকর্যালিতে পরিণত হয়েছে।
রাষ্ট্রপতি পুতিন এ ‘ঘৃণ্য’ হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারপরও নিন্দা এড়াতে পারছেন না। নেমৎসভের সমর্থকেরা পুতিনকে এ হত্যাকাণ্ডের নেপথ্যনায়ক হিসেবে বর্ণনা করছেন। বরিস নেমৎসভ দিনকয়েক আগে তাকে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি এও বলেছিলেন, মানুষ যেন তার অনুপস্থিতিতেও রোববারের বিক্ষোভ নিষ্ঠাসহকারে পালন করে। তার আশঙ্কা সত্যিতে পরিণত হয়েছে।
গ্রেট মস্কোভরেতস্কি সেতুর পর যে স্থানে নেমৎসভকে গুলি করা হয়েছে, সেখানে রাত নাগাদ ফুলের স্তুপ প্রায় এক মিটার উচ্চতা ছুঁয়েছিল। আগতদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমিই নেমৎসভ।’ এ বাক্যটি জানুয়ারি মাসের শুরুতে প্যারিসের শার্লি এবদো-হত্যাকাণ্ডের বিরুদ্ধে জনপ্রিয়তা পাওয়া ‘আমিই শার্লিকে’ অনুকরণ করে রচিত। নেমাৎসভের অনুসারীদের একজন আলেক্সান্দর বদিয়েভ, বলেন, ‘এটা পরিষ্কারভাবে পুতিনের নির্দেশে হয়েছে। এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই।’
তার মৃত্যুর পর মস্কোয় আইনশৃঙ্খলা রক্ষাকারীদের অংশগ্রহণে একটি তদন্ত দল গঠন করা হয়েছে। তারা হত্যাকারীর একাধিক উদ্দেশ্যের আভাস পেয়েছেন। বলা হচ্ছে, নেমৎসভের ইউক্রেনযুদ্ধ-বিরোধী অবস্থান, তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন, বিশ্বজুড়ে সাম্প্রতিক ইসলামি চরপন্থা, রাশিয়ার রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার উদ্দেশ্য- প্রভৃতি বিষয় সামনে চলে এসেছে। সরকারপন্থী সূত্রগুলো বলছে, নেমৎসভ পুতিনবিরোধী শক্তির চক্রান্তের শিকার হয়েছেন। ঐ শক্তি রাশিয়ায় অরাজকতা চলছে- এমন দেখাতে চায়।
নেমৎমসভের মৃত্যু সম্পর্কে মন্তব্য করেছেন ইউক্রেনের রাষ্ট্রপতি পেত্রো পোরোশেঙ্কো। তিনি বলেছেন, ‘বরিসের কাছে প্রমাণ ছিল যে ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনী জড়িত। কেউ হয়ত সেই প্রমাণাদি নিয়ে ভীত ছিল। তাই হত্যা করেছে।’ মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা এ হত্যাকাণ্ডকে ‘নৃশংস’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, রুশ প্রশাসনের উচিৎ এর ত্বরিৎ, নিরপেক্ষ এবং স্বচ্ছ একটি তদন্তকার্য পরিচালনা করা।
রাশিয়ার প্রধান বিরোধী দল রিপাবলিকান পার্টি অব রাশিয়ার প্রধান, সাবেক বিজ্ঞানী ও উপ-প্রধানমন্ত্রী বরিস নেমৎসভ (৫৫) ২৮ ফেব্রুয়ারি- শুক্রবার রাতে তার বান্ধবী আনা দুরিৎস্কায়ার সঙ্গে রাতের খাবার শেষে ক্রেমলিন ও রেড স্কয়ারের মধ্যবর্তী গ্রেট মস্কোভরেতস্কি সেতুপায়ে হেঁটে পেরোনোর সময় একটি সাদা সিডান গাড়ি তার পথ রোধ করে। ভেতর থেকে তাকে লক্ষ্য করে পিস্তল দিয়ে পরপর চারটি গুলি করা হয়। ঘটনাস্থলেই নিহত হন নেমৎসভ। স্থানীয় সময় তখন রাত ১১:৪০।

