ঢাকাFriday , 2 August 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

 খামেনির ইমামতিতে হানিয়ার জানাজা সম্পন্ন, দাফন শুক্রবার

Link Copied!

ইরানে নিহত হওয়া হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। হানিয়ার নামাজে জানাজায় ইমামতি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার সকালে রাজধানী তেহরানে হানিয়ার সঙ্গে তার দেহরক্ষীরও জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ইরানের হাজার হাজার সাধারণ জনগণ। এ খবর দিয়েছে আল জাজিরা। এতে বলা হয়,  হানিয়ার জানাজাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন হাজার হাজার মানুষ। এসময় তারা ফিলিস্তিনের পতাকা জড়ানো বিভিন্ন পোস্টার নিয়ে জানায় শামিল হন। জানাজা শেষে হানিয়ার লাশ তেহরানের বিখ্যাত আজাদি স্কয়ারে নিয়ে গেলে হানিয়ার কফিনের সঙ্গী হন দেশটির হাজার হাজার জনতা। হামাসের বিবৃতি উদ্ধৃত করে দ্য জেরুজালেম পোস্টের এক খবরে বলা হয়েছে, জানাজা শেষে বৃহস্পতিবার বিকেলে কাতারের রাজধানী দোহায় স্থানান্তর করা হবে হানিয়ার লাশ। শুক্রবার দোহায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর দোহার লুসাইল এলাকায় সমাহিত হবেন হামাসের প্রভাবশালী এই নেতা। কাতারে হানিয়ার জানাজায় বিভিন্ন ইসলামিক গোষ্ঠীর নেতাদের অংশ নেয়ার কথা রয়েছে। এ দিকে বৃহস্পতিবার ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের ভাষণের মাধ্যমে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় তিনি বলেন, শহীদ ইসমাইল হানিয়া সারা বিশ্বের ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর ছিলেন। তিনি শুধু একজন নেতা ছিলেন না। তিনি জ্ঞানী ব্যক্তি ছিলেন। তেহরানের মাটিতে তাকে হত্যার জবাব না দিয়ে ছেড়ে দেয়া হবে না। তিনি বলেন, আমাদের জবাব সঠিক সময়ে এবং সঠিক জায়গায় হবে। আমাদের মাটিতে আমাদের অতিথিকে টার্গেট করে গুপ্তহত্যা করা আমাদের পক্ষে মেনে নেয়া কঠিন। উল্লেখ্য, স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ২টার পর তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যা করা হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে । এই হামলায় তার একজন দেহরক্ষীও প্রাণ হারিয়েছেন। বুধবার সকালে ইরানি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও হামাসের তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে কঠোর জবাব দেয়ার অঙ্গীকার করেছে ইরান ও হামাস।