কোটা সংস্কার আন্দোলনের আরও দুই সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁরা হলেন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। শনিবার সন্ধ্যায় সারজিস ও হাসনাতকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ডিবির অতিরিক্ত উপকমিশনার জুনায়েদ আলম সরকার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সন্ধ্যায় তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এই ২ জনকে ব্যক্তিগত নিরাপত্তা দিতে ও সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে তথ্য জানতে হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে, নাশকতায় জড়িত অভিযোগে গ্রেপ্তার নেতাদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়কের আলোচনা হয়েছে বলে দাবি করেছে ডিবি। সংস্থাটি বলছে, নেতাদের মধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর রয়েছেন।

