ঢাকাSunday , 28 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাংগঠনিক দুর্বলতা দূর করতে আ’লীগের নানা উদ্যোগ

রাশেদুল হক
July 28, 2024 2:46 am
Link Copied!

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঘটে যাওয়া সহিংসতায় ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণসহ সারাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা ফুটে উঠেছে। এনিয়ে চিন্তিত হয়ে পড়েছে সংগঠনটির নেতারা। এরই মধ্যে সাংগঠনকে শক্তিশালী করতে নানা উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদকের নির্দেশনার পর নড়েচড়ে বসেছেন দলটির নেতারা। এই লক্ষ্যে ওয়ার্ড, থানা ও ইউনিটের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে সিরিজ বৈঠক করছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ ও বিভিন্ন মহানগর এবং জেলার শীর্ষ নেতারা।
কোটাবিরোধী আন্দোলনের সহিংসতা ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে চলে যান।আওয়ামী লীগ নেতারা মনে করেন, টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পরও এ ধরনের একটি ধাক্কা কেউ দিতে পারে-এটা ছিল কল্পনার বাইরে। পুলিশ প্রশাসন থাকার পরও নেতাকর্মীরা ঘুরে দাঁড়াতে পারল না কেন- এটা একটা চিন্তার বিষয় রয়েছে। এগুলো পর্যালোচনা করে পরে যদি আর কোনো পরিস্থিতি সৃষ্টি হয় সেটা কিভাবে মোকাবেলা করা যায় সেটার করণীয় দ্রুত নির্ধারণ করা।
দলীয় সূত্রমতে, কেন্দ্রীয়ভাবে নির্দেশনা থাকার পরও সাধারণ শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক কোটাবিরোধী আন্দোলন দলীয়ভাবে মোকাবেলা করতে না পারার ব্যর্থতা এবং আন্দোলন চলাকালীন দেশের বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের রাজনৈতিক মাঠে নিষ্ক্রিয়তার বিষয়টি নিয়ে ভাবিয়ে তুলছে দলটির শীর্ষ নেতৃত্বকে। ইতোমধ্যে কোটাবিরোধী আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ ও তৃণমূল নেতাকর্মীদের ভূমিকা দলীয়ভাবে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি করণীয় হিসেবে দুর্বলতাগুলো কাটিয়ে উঠে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার নির্দেশনা দেয়া হয়েছে বলে দলটির বিভিন্ন পর্যায়ের একাধিক নেতার সাথে আলাপকালে এসব তথ্য পাওয়া গেছে।
জানা গেছে সেনাবাহিনী মাঠে নামিয়ে কারফিউ জারি করে পরিস্থিতি সামাল দেয়ার পর গত মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকার দলীয় এমপিদের ডেকে জরুরি বৈঠক করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। চলমান পরিস্থিতি নিয়ে ওই বৈঠকে দলের অভ্যন্তরীণ দুর্বলতাগুলো উঠে আসে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় প্রধানের নির্দেশনা থাকার পরও আন্দোলন চলাকালে নেতাকর্মীদের মাঠে অনুপস্থিত থাকা এবং আত্মগোপনে চলে যাওয়ার খবরে অসন্তোষ প্রকাশ করেন এবং দলীয় প্রধানের তরফ থেকে এমন নেতাকর্মীদের তালিকা তৈরি করার নির্দেশনা পৌঁছে দেন।
মহানগর আওয়ামী লীগের সূত্রমতে রাজধানী ঢাকার মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, রামপুরাসহ যেসব এলাকায় সহিংসতায় হতাহতের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কি কি দুর্বলতা ছিল, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিষ্ক্রিয়দের চাঙ্গা করতেও উদ্যোগ নিয়েছে দলটি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মোহাম্মদপুরে ২৭টি ইউনিট কমিটি বাতিল করে মহানগর উত্তর। যাত্রাবাড়ীসহ দক্ষিণের যেসব জায়গায় সহিংসতা ঘটেছে, সেসব জায়গায় আওয়ামী লীগের দায় থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। এমনকি বিভিন্ন ইউনিট কমিটি বাতিল করার মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারে দলটি। অন্যদিকে, মহানগর উত্তর নেতাকর্মীদের শিথিলতা কাটাতে এলাকাভিত্তিক সফরের চিন্তা করছেন শীর্ষ নেতারা।
এ লক্ষ্যে গত শুক্র ও শনিবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সমন্বয়কদের নিয়ে এক বৈঠকে বসে। সেই বৈঠকে বিভিন্ন ইউনিটে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে খোলামেলা আলোচনা করে এলাকায় এলাকায় সফরের সিদ্ধান্ত নেওয়া হয়।
গত বৃহস্পতিবার রংপুরে পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আমার কষ্ট লাগে, আওয়ামী লীগের পার্টি অফিসটা যখন ভাঙচুর করল, আপনারা ঘুরে দাঁড়াতে পারলেন না। আপনাদের তো ঘুরে দাঁড়াতে হবে। তিনি বলেন, আমরা পকেটে হাত দিয়ে যদি ঘুমিয়ে থাকি, তাহলে আমাদের ঘরে ঘরে ঢুকে মেরে ফেলবে। এটারই প্রমাণ আপনারা পেয়েছেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম গণমাধ্যমকে বলেন, তৃণমূলের কর্মীরাই আওয়ামী লীগের শক্তি। সঠিক নেতৃত্বের মাধ্যমে তৃণমূলের কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। বিএনপি-জামায়াত জঙ্গিবাদী শক্তির নৈরাজ্যের সময়ও তৃণমূলের আওয়ামী লীগ নেতাকর্মীরা মানুষের পাশে থেকে জানমালের নিরাপত্তায় সর্বোচ্চটা করেছে। নেতৃত্বের দ্বিধাগ্রস্ততা বা দ্বন্দ্বের কারণে কোথাও কোথাও তারা প্রয়োজনমতো দাঁড়াতে পারেনি। তবে সামগ্রিকভাবে আওয়ামী লীগ মানুষের পাশে থেকে নৈরাজ্য রুখে দিয়েছে।