বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদসহ ৩ জনকে ডিবি জিজ্ঞাসাবদের জন্য ডেকেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদসহ ৩ জনকে ডিবি জিজ্ঞাসাবদের জন্য ডেকেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। শুক্রবার (২৬ জুলাই) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। পরে রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কোটা আন্দোলনকারী নেতারা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের নিরাপত্তার জন্যই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ডাকা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে আন্দোলনের তিন সমন্বয়ককে তুলে নেয়ার অভিযোগ ওঠে। এর আগে, কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে গত ১৯ জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়া থেকে নাহিদকে তুলে নেয়ার অভিযোগ ওঠে। পরে ২১ জুলাই ভোরে পূর্বাচল এলাকায় তাকে ফেলে যাওয়া হয়। এরপর তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপর দুই সমন্বয়ক আসিফ ও বাকেরকেও ১৯ জুলাই তুলে নেয়ার অভিযোগ ওঠে। পরে ২৪ জুলাই আসিফকে হাতিরঝিল ও বাকেরকে ধানমন্ডি এলাকায় ফেলে যাওয়া হয়। তারাও একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

