কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে জারি করা কারফিউ রাজধানীসহ চার জেলায় বলবৎ রয়েছে। তবে গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯ ঘন্টা কারফিউ শিথিল থাকে।্আজ শনিবারও একই সময়ে কারফিউ শিথিল রাখার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মতাদের সঙ্গে বৈঠক শেষে কারফিউ শিথিলের ঘোষণা দেন মন্ত্রী। তিনি জানান, অন্যান্য জেলায় কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনে নাশকতার সঙ্গে জড়িত সবাই গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আইনশৃঙ্খলাবাহিনীর চিরুনি অভিযান চলবে। এর আগে বৃহস্পতিবার ও বুধবার এসব এলাকায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘিরে গত বুধ ও বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক সংঘর্ষ ও সহিংসতা হয়। উদ্ভূত পরিস্থিতিতে গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে কারফিউ জারি করে সরকার। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

