‘কোটা সংস্কার আন্দোলনের সময় গত বৃহস্পতিবার (১৮ জুলাই) সরকারি তিতুমীর কলেজে হামলা চালায় বিএনপি, জামায়াত, শিবির ও তার অঙ্গ সংগঠনের দুষ্কৃতকারীরা। এসময় দুষ্কৃতকারীরা অধ্যক্ষের অফিস কক্ষ থেকে ৫০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এছাড়া আসামিরা সরকারি তিতুমীর কলেজের শহীদ আক্কাছুর রহমান আঁখি ছাত্রাবাসের গেট ভেঙে অনধিকার প্রবেশ করে ছাত্রাবাসের ভেতর থেকে ৪০টি ল্যাপটপ, ডেস্কটপ, ১২টি মোবাইল ফোন, ৫০টি টেবিল ফ্যান, ৪৬টি সিলিং ফ্যান, ২টি টেলিভিশন, ২০টি দেওয়াল ঘড়ি, ৭ শিক্ষার্থীর তালাবদ্ধ করা টেবিলের ড্রয়ার ভেঙে নগদ টাকাসহ আনুমানিক ৪০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।’ এ সংক্রান্ত মামলার এজাহারে বাদী এসব কথা উল্লেখ করেছেন। ২৫ জুলাই সরকারি তিতুমীর কলেজের শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক ও দর্শন বিভাগের অধ্যাপক মালেকা আক্তার বানু (৫৮) বাদী হয়ে বনানী থানায় মামলাটি করেন। মামলায় আসামি করা হয় অজ্ঞাতনামা ৫০০-৭০০ জনকে। শুক্রবার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলার এজাহার গ্রহণ করে আগামী ৩ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

