
আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট সের্ভানদো গোমেজ মার্টিনেজকে আটক করেছে পুলিশ। গত কয়েক বছর ধরে চেষ্টা চালিয়ে তারা ‘লা টুটা’ নামে পরিচিত এই অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হলেন।
শুক্রবার মেক্সিকোর মিচোয়াকান রাজ্য থেকে তাকে আটক করা হয় বলে আল জাজিরা ও বিবিসি জানিয়েছে।
আল জাজিরা প্রতিনিধি জন জন হোলমান ম্যক্সিকো সিটি থেকে জানিয়েছেন, কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই নাইটস টেমপ্লার চক্রের নেতা গোমেজকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এই আটকের সংবাদে সন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটো।
আটক করার পর তাকে রাজধানীর আটক কেন্দ্রে স্থানান্তরিত করার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে এই অপরাধীকে আটক করার চেষ্টা চালিয়ে আসছিল মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র সরকার দুটি। তাকে ধরিয়ে দিতে পারলে ২০ লাখ মার্কিন ডলার পুরষ্কার ঘোষণা করেছিল মেক্সিকো সরকার।
মেক্সিকোর প্রধান মাদক চক্র কাবালেরস টেম্পলারিয়স বা নাইটস টেমপ্লা কেন্দ্রের প্রধান মার্টিনেজ কর্মজীবন শুরু করছিলেন সাধারণ এক স্কুল শিক্ষক হিসেবে। কিন্তু পরে তিনি মাদক চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েন এবং একসময় মাদক চক্রের শীর্ষ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। অপরাধ জগতে তিনি লা তুতা নামেই বেশি পরিচিত ছিলেন।
মিচোয়াচান রাজ্যটিকে মাদক মুক্ত করার লক্ষ্যে ৪৯ বছরের মার্টিনেজকে আটক করার জন্য দীর্ঘ দিন ধরে চেষ্টা চালিয়ে আসছিলেন প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটো। তবে এ আটকের ঘটনা রাজ্যটিতে শান্তি ফিরে আসবে নাকি এটি আরো বেশি সহিংস হয়ে ওঠবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, তাকে আটক করার বছর খানেক আগে মেক্সিকোর কুখ্যাত মাদক চক্র সিনালাও কার্টেলের নেতা জ্যাকুইন গুজমানকে আটক করা হয়েছিল। এ চক্রটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মাদক চোরাচালান চক্র বলে গণ্য করা হয়ে থাকে।

