
আন্তর্জাতিক ডেস্ক : নতুন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে আগামী সপ্তাহে সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ডন পত্রিকা।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রচারিত এক বিবৃতিতে জানান হয়, সৌদি বাদশাহর ‘বিশেষ আমন্ত্রণে’ এ সফরে যাচ্ছেন নওয়াজ শরীফ। তবে প্রধানমন্ত্রীর এই আকস্মিক সফর সম্পর্কে ওই বিবৃতিতে স্পষ্ট করে কিছু জানান হয়নি।
গত জানুয়ারি থেকে এরই মধ্যে দু দু বার সৌদি সফর করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। প্রথমবার দেশটির সাবেক অসুস্থ বাদশাহ আবদুল্লাহকে দেখতে রিয়াদ গিয়েছিলেন তিনি। পরে আবদুল্লাহর নামাজে জানাজায় অংশ নিতে তিনি শেষবার সৌদি সফর করেন।
ওই সফরে যুবরাজ সালমানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, মধ্যপ্রাচ্য ইস্যু এবং মুসলিম বিশ্বের নানা বিষয় নিয়ে আলাপ করেছিলেন পাক প্রধানমন্ত্রী। তাদের আলোচনায় পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আর্থিক সহায়তার বিষয়টিও স্থান পেয়েছিল। সৌদি আরবের কিছু ধনকুবের পাক সন্ত্রাসীদের তহবিল যুগিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি এ নিয়ে সৌদি সরকারের সমালোচনা শুরু করেছে পাকিস্তান। এই পরিস্থিতির মধ্যেই এ সফর শুরু করতে যাচ্ছেন নেওয়াজ শরীফ।

