সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ভুল পথে নেওয়া হচ্ছে’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, শিক্ষার্থীদের ভুল পথে নেওয়ার লোকের অভাব নেই।
রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪’ উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের কারা উসকানি দিয়েছে, কারা দায়ী সবগুলো বিষয় তদন্তের পর বলা যাবে। যেহেতু একটি ঘটনা ঘটেছে, সেটি তদন্ত করা হবে। তদন্তের পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। তদন্তের আগে আমি কিছু বলতে পারছি না।’
মামলা তুলে নেওয়ার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়ার প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, ‘যে কেউ সংক্ষুব্ধ হলে মামলা করতে পারে। তদন্তের পর যদি এটার মেরিট না থাকে তাহলে অটোমেটিক বাতিল হয়ে যাবে। ২৪ ঘণ্টা, ১০ দিন, ২৪ দিন কোনো প্রশ্ন আসে না। তদন্তে যদি মামলার মেরিট থাকে, তবে বিচার শুরু হবে।’

