ঢাকাSunday , 14 July 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের ওপর হামলা : জাতিসংঘসহ বিশ্ব নেতাদের নিন্দা

Link Copied!

একটি নির্বাচনী সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে হত্যাচেষ্টার ঘটনায় ডোনাল্ড ট্রাম্প আহত হওয়ায় বিশ্ব নেতারা মর্মাহত হয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। জাতিসঙ্ঘ প্রধান আন্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা প্রচেষ্টা চালানোর ‘দ্ব্যর্থহীনভাবে’ নিন্দা জানিয়েছেন। এ হামলায় তিনি সামান্য আঘাত পেয়েছেন। ট্রাম্পের মুখপাত্র এ কথা জানিয়েছেন।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক এক বিবৃতিতে বলেন, ‘গুতেরেস দ্ব্যর্থহীনভাবে রাজনৈতিক সহিংসতার এমন কাজের নিন্দা করেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করে তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।’
এদিকে বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীরা বিশ্বব্যাপী রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কথা বলেছেন এবং শনিবারের বন্দুক হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি তাদের সহানুভূতি প্রকাশ করেছেন। এই হামলায় একজন দর্শক নিহত হয়েছে এবং অন্য দুই দর্শককে গুরুতর আহত করেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রোববার বলেছেন, তিনি সমাবেশে ‘মর্মান্তিক দৃশ্য দেখে আতঙ্কিত’ হয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সমাজে যেকোনো ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।’
‘এটিকে অন্ধকার সময়’ বলে উল্লেখ করে হাঙ্গেরির জাতীয়তাবাদী নেতা ভিক্টর অরবান ট্রাম্পের প্রতি ‘সমর্থন এবং তার সুস্থতার জন্য প্রার্থনা’ জানিয়েছেন।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, তিনি পেনসিলভানিয়া থেকে ‘আশঙ্কার সাথে’ আপডেটগুলো অনুসরণ করছেন এবং তিনি ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এই ডানপন্থী নেতা আশা প্রকাশ করেছেন, ‘নির্বাচনী প্রচারের পরবর্তী মাসগুলোতে সংলাপ এবং দায়িত্বশীলতা যেন ঘৃণা ও সহিংসতার ওপর বিজয়ী হতে পারে।’
আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই হত্যাচেষ্টার পর এ ঘটনায় ‘আন্তর্জাতিক বামদের’ দায়ী করেছেন।
প্রেসিডেন্ট বলেছেন ‘নির্বাচনে পরাজয়ের আতঙ্কে, তারা তাদের পশ্চাৎপদ এবং স্বৈরাচারী অ্যাজেন্ডা চাপিয়ে দেয়ার জন্য সন্ত্রাসের আশ্রয় নেয়।’
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, ‘গণতন্ত্র ও রাজনৈতিক সংলাপের সব রক্ষকদের এই গুলিবর্ষণের তীব্র নিন্দা করা উচিত।’
কোস্টারিকার সরকার হামলার নিন্দা করেছে এবং বলেছে যে তারা ‘এই অগ্রহণযোগ্য ঘটনার’ আপডেট অনুসরণ করছে।
কোস্টারিকার প্রেসিডেন্সি বলেছেন, ‘গণতন্ত্র ও শান্তির পক্ষের নেতা হিসেবে আমরা সব ধরনের সহিংসতা প্রত্যাখ্যান করি।’
চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক গুলি চালানোর ঘটনার ‘তীব্র নিন্দা’ জানিয়েছেন।
বোরিক বলেছেন, ‘সহিংসতা গণতন্ত্রের জন্য হুমকি এবং একসাথে আমাদের জীবনকে দুর্বল করে দেয়। আমাদের সকলকে অবশ্যই তা প্রত্যাখ্যান করতে হবে।’
বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্স বলেছেন, ‘আমাদের গভীর মতাদর্শগত এবং রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও, সহিংসতা যেখান থেকেই আসুক না কেন, সর্বদা সবার প্রত্যাখ্যান করা উচিত।’
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা রাজনৈতিক আক্রমণের বিরুদ্ধে বলেছেন, ‘গণতন্ত্রকে চ্যালেঞ্জ করে এমন যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে আমাদের দৃঢ়ভাবে দাঁড়াতে হবে।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ শ্যুটিংকে ‘উদ্বেগজনক’ হিসাবে বর্ণনা করেন এবং ট্রাম্প নিরাপদ ছিলেন বলে স্বস্তি প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস লুক্সন একই ধরনের মন্তব্যের প্রতিধ্বনি করে বলেছেন, ‘কোনো দেশের এই ধরনের রাজনৈতিক সহিংসতার সম্মুখীন হওয়া উচিত নয়।’
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি এবং তার স্ত্রী সারা ‘প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর আপাত আক্রমণে হতবাক’।
তিনি বলেন, ‘আমরা তার নিরাপত্তা এবং দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’
সূত্র : এএফপি