
পাঞ্জেরী ডেস্ক : জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন পিডিপি প্যাট্রন মুফতি মহম্মদ মোহাম্মদ সাঈদ৷ রোববার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি৷
ন্যূনতন সাধারণ কর্মসূচি নিয়ে ঐকমত্যে আসার পরই জম্মু-কাশ্মিরে জোট সরকার গঠনের সিদ্ধান্ত নেয় পিডিপি-বিজেপি৷ এর পরই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করেন পিডিপি সুপ্রিমো মেহবুবা মুফতি৷
এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে বেশ কিছুক্ষণ একান্তে আলোচনা করেন জম্মু-কাশ্মিরের ভাবি মুখ্যমন্ত্রী৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাঈদ বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে৷ জম্মু-কাশ্মিরকে শান্তিপূর্ণ রাজ্য গড়ে তোলা আমার স্বপ্ন৷ এই স্বপ্নের কথা আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি৷ প্রয়োজনে পাকিস্তানের সঙ্গেও আলোচনা করতে হবে৷’’ রবিবার তার শপথগ্রহণ অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন মুফতি মোহাম্মদ। প্রধানমন্ত্রী শপথে অংশ নেবেন বলে জানিয়েছেন৷ আগামী ছ’বছরের জন্য জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব সামলাবেন পিডিপি প্যাট্রন৷ রবিবার মোট ২৫ জন বিধায়ক শপথ নেবেন৷ এর মধ্যে ১৩ জন পিডিপি ও ১২ জন বিজেপি বিধায়ক৷
কিন্তু ন্যূনতম কর্মসূচিতে বিতর্কিত ৩৭০ ধারার কি উল্লেখ রয়েছে? প্রশ্নের জবাবে মুফতি জানান, শপথগ্রহণের দিন আনুষ্ঠানিকভাবে অভিন্ন ন্যূনতম কর্মসূচি জনসমক্ষে আনা হবে৷ তখনই বিষয়টি প্রকাশ পাবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ডিসেম্বরে জম্মু-কাশ্মির বিধানসভা ভোটের ফল হয় ত্রিশঙ্কু৷ ৮৭ সদস্যের বিধানসভায় ২৮টি আসন পায় পিডিপি৷ বিজেপি পায় ২৫টি আসন৷ এর পর রয়েছে ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স (১৫) ও কংগ্রেস (১২)৷দু’মাস আলোচনার পর সরকার গঠন নিয়ে ঐকমত্যে পৌঁছায় বিজেপি-পিডিপি।

