রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানের ৪ কেজি ৪২০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে যার বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ৫০ লাখ টাকা।
বুধবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টায় ওমানের রাজধানী মাস্কাট থেকে আসা একটি ফ্লাইট থেকে এসব সোনা উদ্ধার হয়।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাস্কাট থেকে আসা ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে স্কচটেপ মোড়ানো ২ টি ভারি বস্তু পাওয়া যায়। পরে সেগুলো কেটে ৩৮টি সোনার বার পাওয়া যায়, যেগুলোর মোট ওজন ৪ কেজি ৪২০ গ্রাম।
কাস্টমস কর্মকর্তারা জানান, আটককৃত স্বর্ণের বার ঢাকার শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

