রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ মিরপুর ও শাহ আলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচলনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক তাজিনা সরোয়ার এবং ৩/১ এর অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি। অভিযানে রাজউক অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটানো নির্মানাধীন ৫টি ভবনে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার বলেন, ‘ভবন নির্মাণের অনুমতি নিয়ে নকশার ব্যত্যয় ঘটানো মিরপুরসহ আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫টি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙ্গে দেয়াসহ বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে।’
অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি বলেন, ‘মিরপুর সেকশন-২ এর নির্মানাধীন ৭ তলা ১ টি ভবনে রাজউক অনুমোদিত নকশা বহির্ভূত অংশ (সম্মুখে সেটব্যাকে নির্মিত বারান্দা ও ওয়াল) আংশিক ভেঙ্গে অপসারণ করা হয়েছে।
অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ মালিকপক্ষ নিজ উদ্যোগে আগামী ৩০ দিনের মধ্যে ভেঙ্গে অপসারণ করবেন বলে ৩০০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করেছেন। একই এলাকার আরেকটি ৭ তলা ভবনেরও আংশিক ভাঙ্গা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘মিরপুর-২ নম্বরের আরেকটি নির্মানাধীন ৫ তলা ভবনের পূর্ব পাশের সেটব্যাকে কলামের বর্ধিতাংশ আংশিক অপসারণ করা হয়েছে। একই এলাকায় আরেকটি ৪ তলা ভবন এবং শাহ আলী এলাকায় আরেকটি ৫ তলা ভবনের সম্মুখের সেটব্যাকে নির্মিত বারান্দা ও ছাদ আংশিক ভেঙ্গে অপসারণ করা হয়।

