রাজধানির ধানমন্ডির রাসেল স্কয়ার এলাকায় অস্বাভাবিক মালবোঝাই একটি ট্রাক উল্টে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি মাইক্রোবাসের ওপর। মাইক্রোবাসটির পেছনের অংশে ট্রাকটি উল্টে পড়ার কারণে দুমড়েমুচড়ে গেছে বিমানের মাইক্রোবাসটি।
বুধবার (২৬ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
এদিকে ব্যস্ততম এলাকা ধানমন্ডির রাসেল স্কয়ার সিগনালে এমন দুর্ঘটনায় আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। কর্মদিবসে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট বাড়তে পারে এমন আশঙ্কা করছেন এই পথে চলা মানুষ।
অন্যদিকে ট্রাক উল্টে যাওয়ার পর রাস্তার অবস্থা স্বাভাবিক রাখতে কাজ করছে ট্রাফিক পুলিশের সদস্যরা।
প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাকটি অপসারণের কোনো খবর পাওয়া যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে এটি সরিয়ে রাস্তার যানজট কমানোর চেষ্টা করা হচ্ছে।
ঢাকার ট্রাফিক পরিস্থিতির তথ্য উপাত্ত তুলে ধরা ভার্চুয়াল প্লাটফর্ম ট্রাফিক এলার্ট গ্রুপে একজন দুর্ঘটনার ছবি পোস্ট করে লিখেছেন, ধানমন্ডি-৩২ রাসেল স্কয়ার সিগন্যাল এড়িয়ে চলুন। বেপরোয়া ট্রাক ভারসাম্যহীন হয়ে গিয়ে মাইক্রোবাসের উপর দিয়ে পড়েছে। কেউ আহত হয়নি।

