আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেটের হাতে অপহৃত ৩০ ইরাকী মুক্তি পেয়েছেন। একজন প্রভাবশালী শেখের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা। তিকরিতের কাছ থেকে নয় শিশুসহ শতাধিক পুরুষকে অপহরণের খবর প্রকাশিত হওয়ার মাত্র একদিন পর এই মুক্তির খবর জানা গেল।
রোববার তিকরিতের পূর্বাঞ্চলীয় রুবাইদাহ গ্রাম থেকে ১১৮ জন পুরুষ এবং নয় বালককে আটক করেছিল আইএস যোদ্ধারা। পরে এদের মধ্য থেকে ২১ জনকে ছেড়ে দেয়া হয়েছে। এখনো তাদের হাতে আটক রয়েছে ৯৭ জন পুরুষ এবং নয় বালক।
আনোয়ার আসি আল ওবায়েদি নামের এক প্রভাবশালী শেখ বৃহস্পতিবার আল জাজিরাকে ওই ৩০ জনের মুক্তির খবর জানিয়েছেন। তবে এদের মধ্যে আটক নয় এবং দশ বছর বয়সী ৯ শিশুরা রয়েছে কীনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানিনি তিনি। তিনি বলেছেন, ওই এলাকায় ফোন নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় তার পক্ষে এ সম্পর্কে বিস্তারিত যেমন মুক্তিপ্রাপ্তদের সঙ্গে কী ধরনের আচরণ করা হয়েছে কিংবা বাকি বন্দীদের ভাগ্যে কি ঘটেছে তা জানা সম্ভব হয়নি।
এর আগে বুধবার ওই শেখ জানিয়েছিলেন, অপহৃত ওই ইরাকীরা আইএসের বিরুদ্ধে লড়াইরত আল ওবায়েদ গোত্রের সদস্য। গত জুলাই মাস থেকে শুরু হওয়া ওই লড়াইয়ে ওই গোত্রের ৬শ যোদ্ধা মারা গেছেন বলেও তিনি জানিয়েছেন।
তিরকিত থেকে শতাধিক ইরাকীকে আটক করা আগে সিরিয়ার হাসাকেহ প্রদেশ থেকে কমপক্ষে ৭০ আসিরিয়ান খ্রিস্টানকে অপহরণ করেছিল জিহাদিরা।

