ঢাকাFriday , 21 June 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বায়ুদূষণে দেশে এক বছরে ২ লাখ ৩৫ হাজার মৃত্যু

Link Copied!

বায়ুদূষণে ২০২১ সালে বাংলাদেশে ২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুই ১৯ হাজার ১০০। বুধবার (১৯ জুন) বিশ্বব্যাপী বায়ুমান ও জনস্বাস্থ্যে এর প্রভাব নিয়ে তথ্য বিশ্লেষণের পর প্রকাশিত স্টেট অব গ্লোবাল এয়ার (এসওজিএ)-২০২৪ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়াসহ পূর্ব-পশ্চিম, মধ্য ও দক্ষিণাঞ্চলীয় আফ্রিকার দেশগুলোতে বায়ুদূষণজনিত রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। রিপোর্টে আরও উঠে এসেছে, পাঁচ বছরের কম বয়সী শিশু বায়ুদূষণজনিত রোগের শিকার হয় বেশি। এর প্রভাবে অপরিণত অবস্থায় ও কম ওজন নিয়ে জন্মগ্রহণ, হাঁপানি ও ফুসফুসের রোগসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয় শিশুদের।
বাংলাদেশ, আফ্রিকা ও এশিয়ার বেশ কয়েকটি দেশে লোয়ার রেসপাইরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা নিম্ন শ্বাসনালির সংক্রমণে পাঁচ বছরের কম বয়সী যত শিশুর মৃত্যু হয়, তার ৪০ শতাংশের জন্যই দায়ী বায়ুদূষণ। ২০২১ সালে বায়ুদূষণ সম্পর্কিত কারণে বিশ্বব্যাপী পাঁচ বছরের কম বয়সী সাত লাখের বেশি শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে ব্যাপক হারে ওজোন গ্যাসের উপস্থিতি রয়েছে, যা বায়ুদূষণজনিত রোগের অন্যতম কারণ। ২০২১ সালে বিশ্বব্যাপী ওজোন গ্যাস সম্পর্কিত ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজঅর্ডার (সিওপিডি)-জনিত মৃত্যুর প্রায় অর্ধেক ঘটেছে ভারতে (২৩৭,০০০ মৃত্যু), চীনে (১২৫,৬০০ মৃত্যু) এবং বাংলাদেশে (১৫,০০০ মৃত্যু)।
বায়ুদূষণজনিত রোগের প্রভাব ও প্রাদুর্ভাব বিশ্বব্যাপী সমান নয়। বিশ্বজুড়ে মানুষের ইসকেমিক হৃদরোগে আক্রান্ত হওয়ার পেছনে বায়ুদূষণের দায় গড়ে ২৮ শতাংশ হলেও ফিনল্যান্ড, নরওয়ে, অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত দেশগুলোতে এর হার ১০ শতাংশ। অন্যদিকে পূর্ব, পশ্চিম, মধ্য ও দক্ষিণাঞ্চলীয় আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলো তথা নাইজেরিয়া, কেনিয়া, রুয়ান্ডা এবং বাংলাদেশের মতো দেশে এ হার ৪০ শতাংশের বেশি।