ঢাকাMonday , 20 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এপোস্টল কনভেনশন সই অনুমোদনে বছরে সাশ্রয় হবে প্রায় ৫০০ কোটি টাকা: পররাষ্ট্রমন্ত্রী

Link Copied!

মন্ত্রিসভায় এপোস্টল কনভেনশন সইয়ের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (২০ মে) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক এই কনভেনশনে সই করা হলে বিদেশগামী শিক্ষার্থী ও মানুষের বিভিন্ন সনদ, দলিল, হলফনামায় নিজ দেশের যথাযথ সত্যায়ন থাকবে। এতে অন্য দেশে গিয়ে পুনরায় সত্যায়নের প্রয়োজন হবে না। এর ফলে দেশের মানুষের বছরে সাশ্রয় হবে প্রায় ৫০০ কোটি টাকা।
মন্ত্রী আরও বলেন, ‘এই প্রস্তাবটি কার্যকর হলে শিক্ষার্থী, অভিবাসী, কর্মী, পারিবারিক পুনর্মিলন প্রত্যাশীসহ বিদেশগামী সকলের যে নানা ডকুমেন্ট এ দেশে এবং বিদেশের দূতাবাসসহ নানা দপ্তরে সত্যায়নের প্রয়োজন হয়, সেটি শুধু এ দেশে সত্যায়ন করলেই হবে।’
ড. হাছান ব্যাখ্যা করে বলেন, বাংলাদেশে সব দেশের দূতাবাস নেই। ৯০টি দেশের দূতাবাস রয়েছে দিল্লিতে। সেখান থেকে সত্যায়ন করে আনতে আবার ভারতের ভিসা লাগে। এ সবের জন্য যে অর্থ, সময় ও পরিশ্রম ব্যয় হয়, এই কনভেনশনে যুক্ত হলে তা বেঁচে যাবে, বছরে ৪০০ থেকে ৫০০ কোটি টাকা সাশ্রয় হবে।
এটি কার্যকর হতে প্রায় ৬ মাস লাগবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এপোস্টল কনভেনশনে যুক্ত হতে এর ১২৬টি সদস্য রাষ্ট্রকে জানাতে হয়, কিছু আনুষ্ঠানিকতা রয়েছে।’
এ সময় সাংবাদিকরা হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ানের মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ মৃত্যুকে মর্মান্তিক ও অত্যন্ত দুঃখজনক বলে বর্ণনা করেন। নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন তিনি।
তিনি বলেন, ‘প্রথমে ধারণা করা হয়েছিল, হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেছে, কিন্তু পরে দেখা যায় সেটি ক্র্যাশ করেছে। আমরা রাষ্ট্রীয়ভাবে শোক জানাচ্ছি।’
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান জানান, এখন পর্যন্ত সেখানে বাংলাদেশি ছাত্রদের কোনো গুরুতর আহত বা হতাহতের খবর নেই।
তিনি আরও বলেন, ‘পাশের দেশ উজবেকিস্তানের তাসখন্দে অবস্থানরত আমাদের রাষ্ট্রদূতকে সেখানে যেতে বলা হয়েছে। তিনি স্থানীয় সময় বিকালে বিশকেকে পৌঁছে বাংলাদেশি শিক্ষার্থীদের খোঁজখবর নিতে ক্যাম্পাস ভিজিট করবেন এবং কিরগিজ পররাষ্ট্র ও অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যথাযথ পদক্ষেপ নেবেন।’
একজন শিক্ষার্থীর দেশে ফেরার জন্য খোলা চিঠি দেওয়া প্রশ্নে মন্ত্রী জানান, সাধারণ শিক্ষার্থীরা এ ধরনের কোনো আবেদন করেননি।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওঙের ঢাকা সফরকালে মঙ্গলবার বিকালে তার সঙ্গে বৈঠক হবে।
এ সাক্ষাতে দ্বিপক্ষীয় বিষয়গুলোর মধ্যে বিশেষত বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ, বাংলাদেশিদের অভিবাসন, মৌসুমি কর্মসংস্থান, সেখানে প্রবাসীদের কল্যাণ, জ্বালানি ও পরিবেশ সংরক্ষণে সহযোগিতা নিয়ে আলোচনা প্রাধান্য পাবে বলে জানান তিনি।
এর আগে দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
সেখানে তিনি বলেন, ‘দেশে আলেম-ওলামাদের জন্য এ পর্যন্ত যা কিছু কল্যাণের সবই আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই হয়েছে। বিএনপির এবং তাদের দোসরেরা আলেম-ওলামাদের ব্যবহার করে মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি করে কিন্তু আলেমদের জন্য কিছুই করেনি।’
তিনি আরও বলেন, ‘এমনকি আওয়ামী লীগের সকল সংগঠন ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানালেও বিএনপি ও তাদের দোসরেরা কোনো প্রতিবাদ জানায়নি। অর্থাৎ বিএনপি ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে।’