ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন (সংশোধিত-২০১৩) এর যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি-বিআরটিএ’র উদ্যোগ ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসি বাস ডিপোতে গত ১৩, ১৬ ও ২০ মে যথাক্রমে মোট ৫৬৫ জন গণপরিবহন চালককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
প্রশিক্ষণে প্রত্যক্ষ ও পরোক্ষ ধুমপানের কুফল, স্বাস্থ্য ঝুঁকি, তামাক নিয়ন্ত্রণ আইন সম্পর্কে গণপরিবহন চালকদের (বাস,সিএনজি, লেগুনা, টেম্পু) অবহিত করা হয়। চালক ও চালকের সহকারীদের ধূমপানের ফলে গণপরিবহনে পরোক্ষভাবে ধূমপানের শিকার হন যাত্রীরা, বিশেষ করে নারী ও শিশুরা। ফলে ধূমপান না করেও একই রকম ক্ষতির শিকার হচ্ছেন তারা। এ সময় ভিডিও চিত্রের মাধ্যমে অংশ্যগ্রহণকারী চালকদের গণপরিবহনে ধূমপানের অপকারিতা বিষয়ে সুস্পষ্ট ধারণা ও আইনের বাধ্যবাধকতা সম্পর্কে বাস চালকদের সামনে বিস্তারিত উপস্থাপন করা হয়।
পাবলিক প্লেস যেমন বাস টার্মিনাল, বিমান বন্দর, রেলষ্টেশন, নৌবন্দর, সরকারী বিভিন্ন অফিসসহ গণজমায়েত স্থলে ধূমপান আইনত শাস্তিযোগ্য অপরাধ। যেসব স্থানে প্রত্যক্ষ ধূমপানকারিদের কারণে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন অনেক শিশু ও মহিলাসহ সকল অধূমপায়ীরা।
গণ-পরিবহন শতভাগ তামাকমুক্ত রাখা ও আইনের বাস্তবায়ন করার লক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশন ও বিআরটিএ-র যৌথ উদ্যোগে প্রতি সপ্তাহেই নিয়মিতভাবে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

