নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ সব রাজনৈতিক দলেন প্রধানদের ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বাংলাদেশ চামড়া ও রেকসিন জাতীয় জুতা প্রস্তুতকারক সমিতি (বিসিআরপিপিএস)।
তারা বলেছেন, নিজস্ব উদ্যোগে আমরা নীরবে-নিভৃতে জাতীয় অর্থনীতিতে অবদান রেখে যাচ্ছি। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো সরকার জুতা শিল্পের পাশে এসে দাঁড়ায়নি। আমরা রাজপথে আসতে চাই না, আমাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষও নেই। আমারা সুন্দর পরিবেশে ব্যবসা করতে চাই। তাই আপনাদের বলছি, আপনারা রাজনৈতিক সহিংসতা বন্ধ করুন। আমাদের নিজস্ব ব্যবসায় সীমাবদ্ধ রাখুন।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ আহ্বান জানায় সংগঠনের সদস্যরা।
এসময় বক্তারা বলেন, রাজনৈতিক অচলাবস্থার কারণে সারা দেশের ব্যবসায়ী, কৃষক, শ্রমিকসহ আপামর জনসাধারণের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হচ্ছে। সারা দেশে ছোট বড় মিলিয়ে প্রায় ২৫ হাজার জুতা কারখানা রয়েছে। প্রায় ৬ লাখ শ্রমিক প্রত্যক্ষভাবে এই শিল্পের সঙ্গে জড়িত। এ শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী, কর্মচারীসহ দেশের সাধারণ মানুষ রাজনৈতিক সঙ্কটের নিরসন চায়। কীভাবে নিরসন হবে আমরা জানি না, তবে আপনাদেরকেই এর সমস্যার নিরসন করতে হবে।
বক্তারা জানান, এই পরিস্থিতিতে ইতিমধ্যে প্রায় ৮০ ভাগ কারখানা বন্ধ হয়ে গেছে। বাকিগুলো কোনোরকমে টিকে আছে। এই অবস্থা আর কিছুদিন বিরাজ করলে সেগুলোও বন্ধ হয়ে যাবে।
প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি আহ্বান রেখে বক্তারা বলেন, আগামী বাজেটে এই শিল্পের কাঁচামালের আমদানি শুল্কহার সহনীয় পর্যায়ে নির্ধারণ করে ও তৈরি জুতা আমদানিতে নিরুৎসাহীত করে এই শিল্পের প্রসারে দ্রুত ব্যবস্থা নিন।
মানববন্ধনে বক্তব্য দেন- আয়োজক সংগঠনের সভাপতি সোহেল আহম্মেদ, সাধারণ সম্পাদক মীর মাহাবুব রনি, সাংগঠনিক সম্পাদক আহাদ বাপ্পী, এফবিসিসিআই এর পরিচালক আব্দুর রাজ্জাক, সদস্য আবুল খায়েরসহ সমিতির অন্য সদস্যরা।

