আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে দুটি বাস থেকে নামিয়ে হাজারা সম্প্রদায়ের ৩০জনকে অপহরণ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। সোমবার রাতে জাবুল প্রদেশে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বাস কোম্পানির কমকর্তারা এ তথ্য জানিয়েছেন।
সংখ্যালঘু হাজারা সম্প্রাদয়ের লোকজন শিয়া মতাবলম্বী। নব্বইয়ের দশকে আফগানিস্তানের ক্ষমতা তালেবানদের হাতে গেলে হাজারারা নির্যাতিত হয়েছিল অভিযোগ রয়েছে। মার্কিন নেতৃত্বধীন পশ্চিমা সামরিক জোটের হস্তক্ষেপে ২০০১ সালে তালেবানরা ক্ষমতাচ্যুত হওয়ার পর এ বিষয়ে আর তেমন অভিযোগ পাওয়া যায়নি।
একটি বাস কোম্পানির ব্যবস্থাপক নাসির আহমাদ জানান, সোমবার রাতে সেনাদের পোশাক পরিহিত বন্দুকধারীরা সঙ্কেত দিলে চালক গাড়ি থামাতে বাধ্য হয়। যাত্রীদের জোর করে বাস থেকে নামানো হয় এবং তাদের কাছ থেকে কাগজপত্র চাওয়া হয়। কাগজের তথ্য অনুযায়ী এরা সবাই ছিলো শিয়া মতাবলম্বী।
বাসের অন্য যাত্রীদের বরাত দিয়ে তিনি জানান, অপহৃতদের মধ্যে প্রায় সবাই ছিলো হাজারা সম্প্রদায়ের।
জাবুল প্রদেশের উপ পুলিশ প্রধান ঘুলুম জিলানি সাখি বলেছেন, ‘অপহৃত এসব বাস যাত্রীর ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে এসব লোক কোথায় আছে সে বিষয়ে আমরা তদন্ত করছি।’
এর আগে গত বছর জুলাই মাসে ঘুরের কেন্দ্রীয় প্রদেশে তালেবান যোদ্ধারা দুটি মিনিবাস থামিয়ে ১৪জনকে গুলি করে হত্যা করেছিল। নিহতরা সবাই ছিলো হাজারা সম্প্রদায়ের।

