আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছে। পশ্চিম তীরের বেথেলহেম শহরের ধেইশেহ শরণার্থী শিবিরে সোমবার রাতব্যাপি হাঙ্গামা চলাকালে এ ঘটনা ঘটে। মঙ্গলবার ফিলিস্তিনের গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
নিহত জিহাদ আল-জাফারি (১৯) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহামুদ আল আব্বাসের ফাতাহ মুভমেন্টের সমর্থক।
ইসরাইলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানায়, সোমবার রাতে শরণার্থী শিবিরের বাসিন্দা ইসরাইলি সেনাদের লক্ষ্য করে পাথর ও দাহ্য পদার্থ ছুড়ে মারে। এতে এক সেনা আহত হয়। এসময় সেনারা দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করতে ব্যর্থ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে দাঙ্গাকারীদের নেতার প্রতি গুলি ছুঁড়লে তার মৃত্যু হয়।
তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাফরি বাড়ির ছাদে ছিলেন। এসময় একটি গুলি তার বুকে বিদ্ধ হয়।

