নিজস্ব প্রতিবেদক : মধ্যম আয়ের দেশ হতে যে ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধি দরকার তা অর্জনের জন্য রাজনৈতিক পরিস্থিতির উন্নয়ন ঘটানোর পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংকে গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন।
অ্যানেট ডিক্সন বলেন, ‘আমরা সরকারের সঙ্গে আলোচনা করেছি। অর্থনৈতিক খাতে নানাবিধ সংস্কারের বিষয়ে। যা বেসরকারি খাতের প্রবৃদ্ধির জন্য পরিবেশ উন্নয়নে সহযোগিত করবে।’ তিনি বলেন, ‘বেসরকারি খাতের উন্নয়নে দীর্ঘ মেয়াদি অর্থায়নের সুযোগ বাড়তে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপগুলো সহযোগিতা করবে বলে আমি মনে করি।’ এক প্রশ্নের উত্তরে অ্যানেট ডিক্সন বলেন, ‘বিশ্ব ব্যাংকের চলমান প্রকল্পের বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। নতুন কোনো প্রকল্প নিয়ে কাজ করা যায় কি না সে বিষয়টা খুঁজে দেখছি।’ এসময় বিশ্বব্যাংক ও বাংলাদেশের পারস্পরিক সহযোগিত ও অংশীদারিত্বমূলক কাজের বিষয়গুলো দেখার জন্যও বাংলাদেশে এসেছেন বলে জানান তিনি। বৈঠকে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাটসহ ৫ জন প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ও ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজনৈতিক অস্থিরতার মধ্যও চলতি অর্থবছর (২০১৪-১৫) শেষে জিডিপির প্রবৃদ্ধি ৬ শতাংশের উপরে থাকবে। এমনকি এটা সাড়ে ৬ শতাংশও হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

