নিজস্ব প্রতিবেদক : আইনজীবী সাংসদদের সুপ্রিমকোর্টে প্র্যাকটিস বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি আদালতে উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়া হয়েছে।
বিচারপতি জিনাত আরা ও বিচারপতি জ্যোতির্ময় নারায়ন দেব চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন ড. ইউনুস আলী আকন্দ। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, আদালত সংসদ সদস্যদের সুপ্রিমকোর্টে প্র্যাকটিস বন্ধের বিষয়ে বার কাউন্সিল বরাবর আবেদন করতে বলেছেন। অর্থাৎ এ ব্যাপারে হাইকোর্ট কোন আদেশ দেবেন না বলেছেন। সেই সঙ্গে আবেদনটি খারিজ করে আদেশ দিয়েছেন।
এর আগে গত ২২ ডিসেম্বর সুপ্রিমকোর্টে এ রিটটি করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।
আইন মন্ত্রণালয়ের সচিব, সুপ্রিমকোর্টের রেজিস্টার, বাংলাদেশ বার কাউন্সিলসহ চারজনকে বিবাদী করা হয়েছিলো এ রিটে।
আইনজীবী তার আবেদনের যুক্তিতে বলেছিলেন ‘সংবিধানের ৬৮ অনুচ্ছেদ অনুযায়ী এমপি পদ একটি লাভজনক পদ। বার কাউন্সিল রুলস-৮ এ বলা হয়েছে, সংসদ সদস্য থাকার সময়ে কোন আইনজীবী হিসেবে প্র্যাকটিস করা যাবে না।’
তিনি বলেন, ‘বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে। এ জন্য মামলা পরিচালনা করার ক্ষেত্রে সংসদ সদস্যদের ক্ষমতা দ্বারা প্রভাবিত হওয়ার আশঙ্কা থেকে রিটটি করা হয়েছে।’
প্রসঙ্গত, সুপ্রিমকোর্টের অনেক আইনজীবী সংসদ সদস্য প্র্যাকটিস করে থাকেন।

