রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে রাসেল (২৫) নামের এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় রাশেদ (২২) নামে আরেক যুবক আহত হয়েছেন।
শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় মিরপুর সাড়ে ১১ আধুনিকের মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত রাশেদ জানান, মিরপুর সাড়ে ১১ আধুনিকের মোড়ে ১০-১২ জন মিলে তাদের এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। রাসেলের সঙ্গে ওই এলাকার তানজিলা, তার স্বামী কালু ও তানজিলার ভাই শাহিনের পূর্বশত্রুতা ছিল। তারাই এই হামলা করেছে।
হাসপাতালে আহত ও নিহতের পরিবারের সদস্যরা জানান, মিরপুর কালশী ই ব্লক ৫ নম্বর লাইনের একটি বিহারী ক্যাম্পের বাসিন্দা তারা। নিহত রাসেল কারচুপির কাজ করতো। পূর্বশত্রুতার কারণে তানজিলার ভাড়াটে লোকজন ছুরিকাঘাতে রাসেলকে খুন করেছে। তবে তাদের সাথে কি নিয়ে শত্রুতা তা জানাতে পারেননি স্বজনরা।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, আহত রাশেদের অবস্থাও গুরুতর। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর রাসেলের মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোকলেসুর রহমান জানান, মিরপুর ই-ব্লকে বিহারীদের মধ্যে একটি মারামারির ঘটনায় এক যুবক মারা গেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

