রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ রইচ উদ্দিন।
সোমবার সন্ধ্যায় পল্টন থানার শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মোঃ এরশাদুর রহমান জানান, ঢাকা মহানগর এলাকায় অভিযান পরিচালনাকালে তথ্য আসে একজন ব্যক্তি শান্তিনগর বাজার এলাকায় গাঁজাসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ফোর্সসহ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ রইচ উদ্দিনকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা হয়েছে।

