ঢাকাTuesday , 5 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিশোর গ্যাংয়ে ‘বড় ভাই কাউন্সিলররা’ জড়িত থাকলে ব্যবস্থা : ডিবিপ্রধান

Link Copied!

পুলিশের একটি প্রতিবেদনে ঢাকার দুই সিটি করপোরেশনের অন্তত ২১ জন কাউন্সিলরের বিরুদ্ধে ‘কিশোর গ্যাং’ সদস্যদের প্রশ্রয় দেয়ার অভিযোগ এসেছে। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, কিশোর গ্যাং সদস্যদের প্রশ্রয়দাতা হিসেবে যদি কাউন্সিলরদের নাম পাওয়া যায় তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। হারুন অর রশীদ বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্যদের সঙ্গে জড়িত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী ও গুলশান বিভাগ। গ্রেপ্তারদের মধ্যে বেশিরভাগ কিশোর গ্যাং সদস্যের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
গ্রেপ্তাররা বাড্ডা, ভাটারা, তুরাগ, তিনশো ফিট ও যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় টার্গেট করা ব্যক্তিদের ইভটিজিং বা কোনো সময় ধাক্কা দেওয়ার ছলে উত্ত্যক্ত করতো। এরপর তারা ঘেরাও করে ভুক্তভোগীদের কাছ থেকে মোবাইল ফোন এবং নারীদের কাছ থেকে সোনার অলঙ্কার ছিনিয়ে নিতো। এছাড়াও তারা ছিনতাই, চাঁদাবাজি ও চুরির সঙ্গে জড়িত। এসব গ্যাং সদস্যরা মাদক কারবারের সঙ্গেও জড়িত।
গ্রেপ্তার কিশোর গ্যাং সদস্যদের জিজ্ঞাসাবাদে কিছু কথিত বড় ভাইয়ের নাম পাওয়া গেছে জানিয়ে ডিবিপ্রধান বলেন, তারা কিছু বড় ভাইয়ের নাম আমাদের জানিয়েছে। বড় ভাইদেরও গ্রেপ্তার করা হবে। কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে ডিবির প্রতিটি টিম কাজ করছে বলেও জানান তিনি।
ঢাকায় কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত কিছু কাউন্সিলরের নাম এসেছে। ডিবি তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেবে কি না জানতে চাইলে ডিবিপ্রধান হারুন বলেন, গ্রেপ্তাররা সাবেক ও বর্তমান কিছু কাউন্সিলরের নাম জানিয়েছে। এটি তদন্ত করা হচ্ছে। তদন্তে যদি কোনো কাউন্সিলরের নাম পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।