আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব ইউক্রেনের বিদ্রোহীরা যুদ্ধক্ষেত্র থেকে ভারী অস্ত্রশস্ত্র সরিয়ে নিতে রাজী হয়েছে। পূর্ব ইউক্রেনে অস্ত্রবিরতি চুক্তি বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত এক রুশ জেনারেল এ তথ্য জানিয়েছেন।
গত বছর শুরু হওয়া পূর্ব ইউক্রেনে রুশপন্থিদের সাথে ইউক্রেন সেনাবাহিনীর সংঘর্ষে প্রায় সাড়ে পাঁচ হাজার লোক নিহত হয়েছে। এ সংঘাতের জন্য রাশিয়াকে দোষারোপ করে আসছে ইউক্রেন ও পশ্চিমা বিশ্ব। তবে রাশিয়া বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে। গত ১২ ফেব্রুয়ারি বেলারুশের রাজধানী মিনস্কে রাশিয়া, ইউক্রেইন, ফ্রান্স ও জার্মানির নেতাদের বৈঠকে যুদ্ধবিরতির চুক্তি হয়। কিন্তু এরপরও দিবালিৎসিসে এ কয়দিন সরকারি বাহিনীর সঙ্গে লড়াই চালিয়েছে বিদ্রোহীরা।
রুশ জেনারেল আলেকজান্ডার লেন্ত্সভ বলেছেন, পূর্ব ইউক্রেনের লুহানস্ক এবং দোনেতস্কে রুশপন্হী বিচ্ছিন্নতাবাদী নেতারা আগামি দুই সপ্তহাহের মধ্যে ভারী অস্ত্র প্রত্যাহারের একটি আদেশপত্রে স্বাক্ষর করেছেন। রবিবার থেকেই এটি কার্যকর হবে।
গত মঙ্গলবার থেকে এ ভারী প্রত্যাহার শুরুর কথা থাকলেও কিছু কিছু এলাকায় উভয়পক্ষের মধ্যে লড়াই চলতে থাকায় তা বাস্তবায়নে বিলম্ব হচ্ছিল।
প্রসঙ্গত, মিনস্ক শান্তি চুক্তির একটি প্রধান অংশই ছিল কামান তথা ভারী অস্ত্র প্রত্যাহার। ইতিমধ্যে ইউক্রেনের সরকারি বাহিনী ও বিদ্রোহীরা শান্তি চুক্তির অংশ হিসেবে ১৯১ জন বন্দী বিনিময় করেছে।

