ঢাকাSunday , 22 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সহিংসতার নামে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চলছে

Link Copied!

Mijanনিজস্ব প্রতিবেদক : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘চলমান রাজনৈতিক সহিংসতার নামে দেশে যা চলছে, সেটি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ, মানুষের বিরুদ্ধে যুদ্ধ।’
রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত একটি আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘জ্বালাও-পোড়াও, অবরোধ-হরতাল এবং নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে’ এই সভার আয়োজন করে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বিশ্ব প্রবাসী বাংলাদেশি। অনুষ্ঠানে সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
চলমান রাজনৈতিক সহিংসতায় নিহতের সংখ্যা শতক ছাড়িয়ে গেছে। এটি জাতির জন্য লজ্জার ও বেদনার উল্লেখ করে তিনি বলেন, ‘এমন শতক আমরা কখনো চাই না। এমন শতক আমাদের ছোট করে। এটি জাতির জন্য বেদনার, লজ্জার।’
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘যারা জ্বালাও-পোড়াও করছেন, তারা মনে রাখবেন মানুষের ধৈর্যচ্যুতি ঘটলে আপনারা ধ্বংস হয়ে যাবেন। আর রাষ্ট্রকে বলছি, রাষ্ট্রের কাজ মানুষের নিরাপত্তা দেয়া। যে কোনো উপায়েই সহিংসতা বন্ধ করে মানুষকে নিরাপত্তা দিতে হবে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ করে মিজানুর রহমান বলেন, ‘কারও খাবার পৌঁছানো বন্ধ করার মধ্যে কৃতিত্বের কিছু নেই। বরং যারা পেট্রোলবোমা হামলা চালাচ্ছে, তাদের চিহ্নিত করুন। তাদের বিচারের আওতায় আনুন। সেটিই আপনাদের দায়িত্ব। সেটি করতে পারলেই মানুষ আপনাদের বাহবা দেবে। তবে সেটি করতে গিয়ে কোনোভাবেই যেন নিরীহ মানুষ হয়রানির শিকার না হয়। গ্রেপ্তার বাণিজ্য যেন না হয়। কারণ সেটি হলে এই যুদ্ধে জয়ী হওয়া যাবে না।’
আলোচনা সভায় উপস্থিত প্রবাসীরা বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে এক কোটি প্রবাসী উদ্বিগ্ন। তারা সব সময় স্বজনদের নিয়ে দুশ্চিন্তায় থাকেন। আর এই সহিংসতা সারা বিশ্বে বাংলাদেশকে ছোট করছে।’
এই সহিংসতা বন্ধে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান তারা। একই সঙ্গে সহিংসতা বন্ধে কঠোর হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেন। ৪৩টি দেশের প্রায় কয়েক শত প্রবাসী এ সভায় উপস্থিত ছিলেন বলে আয়োজকেরা জানায়।
হল্যান্ডপ্রবাসী শামীম হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইতালিপ্রবাসী শাজাহান মোবারক, আবু সাঈদ, মালয়েশিয়াপ্রবাসী রেজাউল করিম, নরওয়েপ্রবাসী আসগর আলী, চীনপ্রবাসী মো. জনি, সৌদিপ্রবাসী আইয়ুব আলী, জার্মানপ্রবাসী গোলাম কিবরিয়া, বশিরুল আলম চৌধুরী, কোরিয়াপ্রবাসী জাকির হোসেন, যুক্তরাষ্ট্রপ্রবাসী আতাউর রহমান শামীম, বেলজিয়ামপ্রবাসী নুরুল হাসান প্রমুখ।