পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির জীবন শঙ্কার মধ্যে আছে বলে দাবি করেছেন তার বোন মরিয়ম রিয়াজ ওয়াট্টু। বুশরা বর্তমানে বানি গালায় গৃহবন্দী রয়েছেন এবং সেখানেই তার জীবন হুমকির মুখে।
দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ইমরান খান ও বুশরা বিবিকে সাজা দিয়েছেন পাকিস্তানের আদালত। শাস্তি হিসেবে ইমরান খান জেলে আর বুশরা বিবি ইসলামাবাদ প্রাসাদে গৃহবন্দী আছেন।
তোশাখানা দুর্নীতি মামলায় দুজনকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
মরিয়ম ওয়াট্টু পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজকে বলেছেন, তিনি তার বোনের নিরাপত্তা নিয়ে খুব উদ্বিগ্ন কারণ জেল কর্তৃপক্ষ বুশরার সঙ্গে খারাপ আচরণ করেছে।
তিনি বলেন, জেল সুপার আদিয়ালা বুশরার নিরাপত্তার জন্য দায়ী। কিন্তু প্রমাণ বলছে, জেল কর্তৃপক্ষ তাদের দায়িত্ব পালনে ব্যর্থ।
বুশরার ছোট বোন মরিয়ম ওয়াট্টু পেশায় একজন শিক্ষাবিদ। তিনি দুবাই থাকেন। এর আগে তিনি বলেছিলেন, তার বোনের মেয়ে বুশরা সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখন সে দেখেছে বুশরাকে ছয় দিন আগে কিছু অদ্ভুত, শক্ত খাবার দেওয়া হয়েছিল। খাবার খেয়ে তার গলা এবং পেট পুড়ে গেছে। গত ছয় দিন থেকে সে কিছুই খেতে পারছে না, খুব দুর্বল হয়ে পড়েছে এবং ভালো নেই।
তিনি আরও দাবি করেন, যে নারী পুলিশ তাকে সেদিন খাবার দিয়েছিল তাকে বদলি করা হয়েছে। বুশরাকে পরীক্ষা করার জন্য সময়মতো কোনও ডাক্তারও ডাকা হয়নি। চিকিৎসায় দেরি করার মানে হলো বুশরার ওপর যা প্রয়োগ করা হয়েছিল তার প্রভাব কমে যাবে।
এক্স-এর একটি পোস্টে ওয়াট্টু তার বোনের জন্য উদ্বেগও প্রকাশ করেন।

