রাজধানীর উত্তরখান মাষ্টারপাড়া এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযানে বন্ধ করে দেয়া হয়েছে কয়েকটি ভবনে নির্মাণ কাজ। এগুলো নিয়ম না মেনে নির্মাণ হচ্ছিল বলে রাজউকের পক্ষ থেকে বলা হয়েছে। এ সময় নকশাবহির্ভূত কয়েকটি ভবনের আংশিক অপসারণসহ জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন-২/১ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন- ২/১ আওতাধীন উত্তরখান মাস্টার পাড়া এলাকায় রাজউক নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নকশাবহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ তাৎক্ষনিকভাবে দুইটি ভবনে মোট ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। বাকি অংশ নিজ উদ্যোগে ভেঙে অপসারণ করবেন বলে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দেন ভবন মালিক।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রাজউক জোন- ২/১ এর পক্ষে অথরাইজড অফিসার শাহরিয়ার সিদ্দিক, সহকারী অথরাইজড অফিসার সাবা তাসনিম, প্রধান ইমারত পরিদর্শক ফজলুল হক, মো. আবু হেনা, ইমারত পরিদর্শক মো. নাজমুল হাসান, আমিন কবি, সরফুদ্দিন, মেহেদী।

