আন্তর্জাতিক ডেস্ক : মিশরের রাজধানী কায়রোয় নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠিয়েছে কাতার। লিবিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) ওপর মিশরের বিমান হামলা চালানোর বিতর্কের জের ধরে রাষ্ট্রদূতকে দেশে তলব করা হয়েছে। বুধবার কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ এ তথ্য জানিয়েছে।
মিশরের ২১জন কপ্টিক খ্রিস্টানকে গলা কেটে হত্যা করেছে আইএস। রবিবার এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে দলটি। এরপরই লিবিয়ায় আইএস লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় মিশর। এতে প্রায় অর্ধশতাধিক নিহত হয়েছে বলে জানিয়েছে মিশর। মিশরের এ পদক্ষেপের বিরোধিতা করেছে কাতার। আরব লীগের বৈঠকে এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দেশটি।
কাতারের পররাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তা সাদ বিন আলি আল মুহান্নাদি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘ আরেক সদস্যের এক তরফা সেনা হস্তক্ষেপ নিরাপরাধ বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঘটাতে পারে।’
কাতারে এ মন্তব্যের পর মিশর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
আরব লীগে নিযুক্ত মিশরের প্রতিনিধি তারিক আদেল বলেন, এতে বোঝা যাচ্ছে কাতার ‘সন্ত্রাসবাদকে সমর্থন’ করে।

