আন্তর্জাতিক ডেস্ক : চালে ভর্তুকি প্রকল্পে দুর্নীতির দায়ে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার দেশটির অ্যাটর্নি-জেনারেল সুপ্রিম কোর্টে এ অভিযোগ এনেছেন।
অভিযোগের শুনানির সময় ইংলাক আদালতে উপস্থিত ছিলেন না। মামলায় দোষী সাব্যস্ত হলে ইংলাকের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
ইংলাকের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন কৃষকদের কাছ থেকে বাজার দরের চেয়ে বেশি দরে কৃষকদের কাছ থেকে চাল কিনেছেন। এতে রাষ্ট্রের শত শত কোটি ডলার ক্ষতি হয়েছে।
থাইল্যান্ডর দুর্নীতি দমন সংস্থা বলেছে, চালে ভর্তুকি প্রকল্পের কারণে রাষ্ট্রীয় কোষাগারের যে ক্ষতি হয়েছে তার জন্য এককভাবে ইংলাক দায়ী ।
২০১৪ সালের মে মাসে থাইল্যান্ডের একটি আদালত ইংলাক সরকারকে অবৈধ ঘোষণা করে এবং এর পরপরই সেনাবাহিনী তার নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর চালে ভর্তুকি প্রকল্পে দুর্নীতির দায়ে সেনা নিয়ন্ত্রিত পার্লামেন্টে ইংলাককে ইমপিচ করা হয়। পার্লামেন্ট পাঁচ বছরের জন্য রাজনীতিতে ইংলাকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

